সম্প্রতি পিরোজপুরের নিহত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেয়াসহ তাকে অসম্মান করার প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার বেলা ১১টায় পটুয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পটুয়াখালী জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়েছে। সমাবেশে বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মুক্তিযোদ্ধা সংসদ পটুয়াখালী জেলা ইউনিট কমান্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা অতুল চন্দ্র দাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা এমএ জব্বার খান, মুক্তিযোদ্ধা সিরাজুল আলম মোল্লা প্রমুখ।
বক্তারা বলেন, একজন বীর মুক্তিযোদ্ধা দেশের স্বাধীনতা অর্জনে অসামান্য অবদান রেখেছেন। তার জানাজা ও দাফনের মতো ধর্মীয় ও মানবিক কর্মসূচিতেও বাধা প্রদান এবং অসম্মানজনক আচরণের অভিযোগ অত্যন্ত নিন্দনীয়। এ ধরনের ঘটনা জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি অসম্মান প্রদর্শনের শামিল। তারা আরও বলেন, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও অবদানের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়িত্ব। মুক্তিযোদ্ধার সঙ্গে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সরকারের কাছে দাবি জানান।
