নাটোরের নলডাঙ্গা উপজেলায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে চরম বিপর্যয় দেখা দিয়েছে। উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেয়া মোট ৩০ জন শিক্ষার্থীর মধ্যে একজনও পাস করতে পারেনি। এতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান ও শিক্ষার্থীদের ফলাফল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। শূন্য পাসের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো হলো, শাখারীপাড়া ফাজিল মাদ্রাসা, সড়কুতিয়া স্কুল অ্যান্ড কলেজ এবং ছাতারভাগ স্কুল অ্যান্ড কলেজ। প্রাপ্ত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, শাখারীপাড়া ফাজিল মাদ্রাসা থেকে ২৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করলেও পাস করতে পারেনি কেউ। সড়কুতিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে অংশ নেয়া ২ জনের সবাই অকৃতকার্য হয়েছে।
অন্যদিকে ছাতারভাগ স্কুল অ্যান্ড কলেজ থেকে ৫ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই ফেল করেছে। এ হিসাবে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৩০ জন পরীক্ষার্থীর পাসের হার শূন্য শতাংশ। নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেয়া সব শিক্ষার্থীর অকৃতকার্য হওয়া অত্যন্ত উদ্বেগজনক। বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া জরুরি। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে জেলা প্রশাসকের কাছে তথ্য পাঠানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে যেভাবে নির্দেশনা আসবে আমরা সেভাবে বাস্তবায়ন করবো। এছাড়া প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে কথা বলে এমন ফলাফল বিপর্যয়ের কারণ জানতে চাওয়া হবে।
