দেবিদ্বারে দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজের সাফল্য

ফন্ট সাইজ:

এইচএসসি পরীক্ষা-২০২৬ ফলাফলে ২৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে ২২৮ জন পাসের মধ্যদিয়ে উপজেলার মধ্যে শীর্ষে (প্রথম স্থান) রয়েছে দেবিদ্বার ‘দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজ’। একইসঙ্গে কুমিল্লা বোর্ডে ফলাফলে ১৮তম স্থান অর্জন করেছে এ কলেজ। কলেজ সূত্রে জানা গেছে, ২০১৮ সালে দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজ প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিকভাবে ভালো ফলাফলের মাধ্যমে উপজেলা ও জেলায় সুনাম অর্জন করে আসছে কলেজ। এ বছর ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজের পাসের হার ৮৫.০৭ শতাংশ। যার মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ১৪৪ জন, মানবিক বিভাগ থেকে ৬৭ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১৭ জনসহ সর্বমোট ২২৮ জন শিক্ষার্থী কৃতকার্য হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১৫টি কলেজের মধ্যে সর্বাধিক ৮৫.০৭ শতাংশ পাসের হার নিয়ে প্রথম স্থান অর্জন করেছে ‘দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজ’। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, এ বছর এইচএসসি পরীক্ষায় দেবিদ্বার উপজেলায় পাসের হার সবচেয়ে বেশি দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজের। উপজেলায় প্রথম হওয়ার পাশাপাশি কুমিল্লা বোর্ডে ১৮তম হয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সোহেল মিঞা জানান, কলেজের শিক্ষার্থীদের এই সাফল্যের পেছনে শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মিলিত সহযোগিতা রয়েছে। যেই প্রতিষ্ঠানের শিক্ষকরা আন্তরিক হবে সেই প্রতিষ্ঠানের ফলাফল অবশ্যই ভালো হবে।