মাধবদী পৌরসভায় ৪৫ কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন

ফন্ট সাইজ:

নরসিংদীর মাধবদী পৌরসভায় প্রায় ৪৫ কোটি টাকা ব্যয়ে সড়ক, ড্রেন ও সড়কবাতি স্থাপনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে পৌর এলাকার যোগাযোগব্যবস্থা, পানি নিষ্কাশন ও নাগরিক নিরাপত্তায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

গতকাল বিকাল ৩টায় পৌরসভার হোটেলপট্টি এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উন্নয়ন কাজের উদ্বোধন করেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। মাধবদী পৌরসভার প্রশাসক আসমা জাহান সরকারের সভাপতিতে পৌরসভা নির্বাহী প্রকৌশলী তারিকুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সংসদ সদস্য খায়রুল কবির খোকন। তিনি বলেন, জনগণকে দেয়া সরকারের সব অঙ্গীকার ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হবে। এজন্য সবাইকে ধৈর্য ধারণ করতে হবে এবং রাষ্ট্র গঠনের কাজে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করতে হবে।

এ সময় তিনি পৌরসভার উন্নয়নকাজের অগ্রগতির জন্য নরসিংদী জেলা বিএনপি’র প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন আনুর প্রতি তিনি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের (আরইউটিডিপি) আওতায় দু’টি প্যাকেজের মাধ্যমে মাধবদী পৌরসভার বিভিন্ন এলাকায় এসব উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে। প্রকল্পের আওতায় সড়কবাতি স্থাপন, আরসিসি রাস্তা নির্মাণ এবং আরসিসি ড্রেন নির্মাণ করা হবে। এতে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৪৫ কোটি টাকা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা বিএনপি’র প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন আনু।

তিনি বলেন, প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়িত হলে পৌরসভার দীর্ঘদিনের সড়ক যোগাযোগ সমস্যার উন্নতি, জলাবদ্ধতা নিরসনসহ সড়কে চলাচলের নিরাপত্তা নিশ্চিত হবে। পাশাপাশি পৌরবাসীর জীবনযাত্রার মান উন্নয়ন ও আধুনিক নগরায়ণে এসব উন্নয়ন প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এডভোকেট শিরিন সুলতানা। এ সময় আরও উপস্থিত ছিলেন— নরসিংদী সদর উপজেলা বিএনপি’র সভাপতি আবু সালেহ চৌধুরী, নরসিংদী জেলা যুবদলের সভাপতি মোহসীন হোসাইন বিদ্যুৎ, জেলা ছাত্রদলের সভাপতি ছিদ্দিকুর রহমান নাহিদ, মাধবদী পৌরসভা বিএনপি’র সভাপতি আমান উল্লাহ আমান, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুর রউফ ফকির রনি, জেলা বিএনপি’র সদস্য কাজী ওয়াসিমসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।