ভোলার লালমোহন উপজেলার দুইটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের কেউই পাস করতে পারেননি। ওই দুই শিক্ষাপ্রতিষ্ঠান হলো— লালমোহন সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ও রমাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ। জানা গেছে, লালমোহন সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর এইচএসসি (ভোকেশনাল/বিএম) পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন মোট ৬ জন শিক্ষার্থী। তবে প্রকাশিত ফলাফলে তাদের কেউই পাস করতে পারেননি।
এ ছাড়া রমাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ থেকে ৪ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। তারাও পাস করতে পারেননি। তবে এই প্রতিষ্ঠানটির কলেজ শাখা নন-এমপিওভুক্ত। লালমোহন সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনিসুর রহমান বলেন, প্রথম ব্যাচ হিসেবে ৬ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সবাই অকৃতকার্য হয়েছে। কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় বর্তমানে প্রতিষ্ঠানে শিক্ষক ও কর্মচারী মিলে মোট ১৭ জন কর্মরত রয়েছেন।
অপরদিকে, রমাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. হুমায়ুন কবীরের বক্তব্য জানতে তার মুঠোফোন নম্বরে একাধিকবার কল দিয়ে বন্ধ পাওয়া যায়। যার জন্য তার বক্তব্য জানা সম্ভব হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক জানান, এইচএসসিতে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল অসন্তোষজনক, শিক্ষা মন্ত্রণালয় থেকে সেসব প্রতিষ্ঠানের তালিকা চাওয়া হয়েছে। আমরা এরই মধ্যে প্রতিষ্ঠানগুলোর তালিকা মন্ত্রণালয়ে পাঠিয়েছি।
