রাসায়নিকে পাকানো কদবেল ২৫ হাজার টাকা জরিমানা

ফন্ট সাইজ:

কদবেল পাকাতে ব্যবহার করা হচ্ছিল ক্ষতিকর রাসায়নিক পদার্থ। ভোক্তার অভিযানে এমন প্রমাণ মেলায় চুয়াডাঙ্গা বড় বাজারের ফল ব্যবসায়ী টুকু মিয়াকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত চলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এ জরিমানা করা হয়। এতে নেতৃত্ব দেন অধিদপ্তরের চুয়াডাঙ্গার সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

তিনি জানান, ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করে কদবেল পাকানো অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বাজার ফলপট্টির টুকু মিয়ার টুকু ফল ভাণ্ডার থেকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় ২৩ বস্তা ক্ষতিকর রাসায়নিক মিশ্রিত কদবেল জনসম্মুুখে ধ্বংস করা হয়। একইসঙ্গে ফল ব্যবসায়ীদের ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করা থেকে বিরত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন— সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. শাহিনুজ্জামান, চুয়াডাঙ্গা পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান ও সদর থানা পুলিশের একটি দল।