মেহমানের ব্যস্ততার ফাঁকে প্রাণ গেল দুই বোনের

ফন্ট সাইজ:

বাড়িতে মেহমানদের আপ্যায়নে সবাই ব্যস্ত। এরই মধ্যে বাড়ির আঙিনায় খেলছিল দুই চাচাতো বোন মোসা. আফিয়া খাতুন (৩) ও মোসা. শিউলি আক্তার (৪)। কিছুক্ষণ পর তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে ভেসে ওঠে দুই শিশুর নিথর দেহ। মুহূর্তেই আনন্দমুখর বাড়িতে নেমে আসে শোকের ছায়া। নাটোরের লালপুর উপজেলার বেরিলাবাড়ি গ্রামে সোমবার সকাল সাড়ে ১১টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আফিয়া একই গ্রামের আনারুল ইসলামের একমাত্র মেয়ে। আর শিউলি আক্তার আনারুলের ছোট ভাই সিরাজুল ইসলামের ছোট মেয়ে। দুই শিশুর এমন আকস্মিক মৃত্যুতে তাদের বাড়িতে চলছে শোকের মাতম।

স্থানীয় সূত্রে জানা যায়, আনারুল ইসলামের শ্যালিকা বাড়িতে বেড়াতে আসায় পরিবারের সদস্যরা মেহমানদের নিয়ে ব্যস্ত ছিলেন। সকাল সাড়ে ১০টার পর দুই শিশুকে বাড়িতে দেখতে না পেয়ে তাদের খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। একপর্যায়ে শিশুদের মা বাড়ির পাশের পুকুরে তাদের ভাসমান মরদেহ দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করে পাশের বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। লালপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম পলাশ বিষয়টি নিশ্চিত করে মানবজমিনকে বলেন, দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।