ইরানে বিক্ষোভের সময় পুলিশ কর্মকর্তাদের হত্যার দায়ে দুজনের ফাঁসি কার্যকর করা হয়েছে। গত জানুয়ারিতে দেশজুড়ে বিক্ষোভ চলাকালে ইসফাহান শহরে ওই চার পুলিশ কর্মকর্তা নিহত হন। এই ঘটনায় জড়িত থাকার দায়ে আমির হোসেন মালেকি ও আমির হোসেন ইব্রাহিমির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ইরানের আধাসরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এই খবর জানায়। সুপ্রিম কোর্ট তাদের সাজা বহাল রাখার পর এই ফাঁসি দেয়া হয়।
তাসনিম আরও জানায়, ৮ই জানুয়ারি ওই দুজন একদল দাঙ্গাকারীর সঙ্গে মিলে সাধারণ মানুষ ও নিরাপত্তা বাহিনীর ওপর আগ্নেয়াস্ত্র এবং অন্যান্য অস্ত্র নিয়ে হামলা চালায়। এর ফলে চারজন নিরস্ত্র কর্মকর্তা নিহত হন এবং সরকারি ও ব্যক্তিগত সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়। অন্যদিকে সারাভান শহরে এক সশস্ত্র হামলায় হুজ্জাত ওয়াফাকারদেহ নামে আরও এক ইরানি পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। বাসা থেকে বের হওয়ার সময় তাকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইল সংশ্লিষ্ট ‘ভাড়াটে খুনিদের’ দায়ী করেছে তাসনিম। তারা এই ঘটনাকে একটি ‘সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেছে।
