দুবাইয়ে ‘জেনারেশন শেপার অ্যাওয়ার্ডস ২০২৬’-এ ‘ফ্যাশন আইকন’ সম্মাননা পেলেন বাংলাদেশি তাসনুবা রাইসা রাকা

দুবাইয়ে ‘জেনারেশন শেপার অ্যাওয়ার্ডস ২০২৬’-এ ‘ফ্যাশন আইকন’ সম্মাননা পেলেন বাংলাদেশি তাসনুবা রাইসা রাকা

ফন্ট সাইজ:

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আয়োজিত ‘জেনারেশন শেপার অ্যাওয়ার্ডস-২০২৬’ এ ‘ফ্যাশন আইকন’ সম্মাননায় ভূষিত হয়েছেন বাংলাদেশি ফ্যাশন ব্যক্তিত্ব, ফ্যাশন কোরিওগ্রাফার, মডেল কোচ ও পেজেন্ট কোচ তাসনুবা রাইসা রাকা। ফ্যাশন অঙ্গনে তার পেশাগত অবদান, সৃজনশীলতা এবং নতুন প্রজন্মের প্রতিভা বিকাশে ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা দেয়া হয়।

১লা নভেম্বর দুবাইয়ের মিলেনিয়াম এয়ারপোর্ট হোটেলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ADZONE আয়োজিত এ অনুষ্ঠানে ফ্যাশন, গণমাধ্যম, সংস্কৃতি ও বিনোদন জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজ হাইনেস শেখা আয়েশা হুমাইদ আল মুয়াল্লা। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন হিজ এক্সেলেন্সি শেখ মাকতুম আল মাকতুমের ব্যক্তিগত উপদেষ্টা
হিজ এক্সেলেন্সি ইয়াকুব আল আলী, বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব হানিফ শেখ; DXB24Live-এর প্রতিষ্ঠাতা অপূর্ব আবদুল লতিফ, মিসেস ইউনিভার্স ২০২৪ বিজয়ী নাসরিন সুলতানা কুইনসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

তাসনুবা রাইসা রাকা ২০২৩ সালে ‘মিস কসমিক ইউনিভার্স’ খেতাব অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি লাভ করেন। প্রায় তিন বছর ধরে তিনি দুবাইয়ে ফ্যাশন কোরিওগ্রাফার, মডেল কোচ ও পেজেন্ট কোচ হিসেবে কাজ করছেন। তার প্রশিক্ষণ ও দিকনির্দেশনায় অনেক নতুন মডেল ও পেজেন্ট প্রতিযোগী নিজেদের আত্মবিশ্বাস, দক্ষতা ও যোগ্যতা বিকাশের সুযোগ পাচ্ছেন। আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রতিষ্ঠিত করার ক্ষেত্রেও তিনি তাদের অনুপ্রাণিত করছেন।

সম্মাননা গ্রহণের পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে রাকা বলেন, ‘আলহামদুলিল্লাহ, এই স্বীকৃতি পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। আমাকে সম্মানিত করার জন্য ADZONE-এর প্রতি আন্তরিক ধন্যবাদ। আমি আশা করি, ভবিষ্যতেও বাংলাদেশের সুনাম ও মর্যাদা আন্তর্জাতিক অঙ্গনে আরও উজ্জ্বল করতে কাজ করে যাবো।
রাকা তার এ অর্জন প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মায়ের প্রতি উৎসর্গ করেছেন। একই সঙ্গে নতুন প্রজন্মের প্রতিভাবানদের অনুপ্রাণিত করা এবং তাদের ইতিবাচক বিকাশে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
তাসনুবা রাইসা রাকা ‘BiBi RakaZ’-এর প্রতিষ্ঠাতা। ফ্যাশন কোরিওগ্রাফি, মডেল প্রশিক্ষণ ও আন্তর্জাতিক পেজেন্ট কোচিংয়ে কাজের মাধ্যমে তিনি ইতিমধ্যে নিজের একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন।
দুবাইয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে তার এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং বিশ্ব ফ্যাশন অঙ্গনে বাংলাদেশি প্রতিভার ক্রমবর্ধমান উপস্থিতি ও সক্ষমতারও একটি গর্বের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।