প্রেমের খোঁজে সিঙ্গেলদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ

চলছে আবেদন

প্রেমের খোঁজে সিঙ্গেলদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ

ফন্ট সাইজ:

বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডে এবার অচেনা মানুষের সঙ্গে ডিনার ডেটে যাওয়ার সুযোগ পাচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের অবিবাহিতরা। দেশটির পর্যটন সংস্থা ‘ভিজিট ফিনল্যান্ড’ ব্যতিক্রমী এ আয়োজন করেছে। এতে অংশ নিতে নির্বাচিত ১৬ জনের যাতায়াত, থাকা-খাওয়া ও অন্যান্য খরচ বহন করবে সংস্থাটি। মার্কিন সাময়িকী ফোর্বস এ খবর জানিয়েছে।

‘ফিনিশ ডিনার ডেট’ নামের এ আয়োজন অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ৯ থেকে ১৯ ফেব্রুয়ারি। এতে অংশগ্রহণকারীরা ফিনল্যান্ডের খাদ্যসংস্কৃতি সম্পর্কে জানার পাশাপাশি দেশটির স্থানীয় অবিবাহিতদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন। এমনকি এ পরিচয় থেকে প্রেমের সম্পর্কও গড়ে উঠতে পারে।

আয়োজনের অংশ হিসেবে অংশগ্রহণকারীদের সামনে তুলে ধরা হবে ফিনল্যান্ডের আঞ্চলিক খাবার। এর মধ্যে থাকবে বুনো মাছ, বিভিন্ন ধরনের বেরি ও বন থেকে সংগ্রহ করা মাশরুম। দেশটির শীর্ষস্থানীয় কয়েকজন শেফ এসব খাবারের মেনু তৈরি করবেন।
এই আয়োজনের অন্যতম আকর্ষণ হবে বিশেষ গ্রুপ ডিনার ডেট। ২০২৭ সালের ফেব্রুয়ারিতে হেলসিঙ্কি ও লেকল্যান্ড অঞ্চলের তাম্পেরে শহরে আন্তর্জাতিক অতিথিদের সঙ্গে স্থানীয় অবিবাহিতদের পরিচয় করিয়ে দেয়া হবে।

বিজনেস ফিনল্যান্ডের আন্তর্জাতিক বিপণন বিভাগের জ্যেষ্ঠ পরিচালক হেলি জিমেনেজ এক বিবৃতিতে বলেন, ‘ফিনিশ খাবার আমাদের সুখী জীবনযাপনের সরাসরি প্রতিফলন। এটি প্রকৃতি, ঋতু এবং আশপাশের মানুষের সঙ্গে সংযোগ তৈরি করে।’
তিনি আরও বলেন, ‘খাবার ফিনল্যান্ডের মানুষকে একত্র করে। এবার আমরা ভ্রমণকারীদেরও সম্পূর্ণ ব্যতিক্রমী উপায়ে সেই অভিজ্ঞতার অংশ হতে আমন্ত্রণ জানাচ্ছি।’
পর্যটন সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে, ফিনল্যান্ডের একটি বিশেষ ডেটিং প্রবণতা থেকে এ আয়োজনের ধারণা এসেছে। এর নাম ‘সিঙ্কুকোরি’ বা ‘সিঙ্গেল বাস্কেট’।

দেশটির কয়েকটি সুপারমার্কেট চেইন অবিবাহিত ক্রেতাদের জন্য গোলাপি রঙের কেনাকাটার ঝুড়ি চালু করেছে। এর মাধ্যমে কেউ চাইলে অন্যদের কাছে নিজের অবিবাহিত থাকার বিষয়টি ইঙ্গিত করতে পারেন। একই সঙ্গে আলাপ কিংবা প্রেমের সম্পর্ক গড়ে তোলার আগ্রহও প্রকাশ করতে পারেন।

বিবৃতিতে আরও বলা হয়, ইতালীয়, চীনা ও অন্যান্য নর্ডিক দেশের খাবার বিশ্বজুড়ে জনপ্রিয় হলেও ইউরোপের অন্যতম উপেক্ষিত খাদ্যসম্পদ ফিনল্যান্ডের খাবার।
জিমেনেজ বলেন, ‘সওনা-সংশ্লিষ্ট খাবারের ঐতিহ্য থেকে শুরু করে বন থেকে খাবার সংগ্রহের সংস্কৃতি—ফিনিশ রান্নার নিজস্ব গল্প রয়েছে, যা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যাবে না। আমরা চাই, দর্শনার্থীরা সেই গল্পের পূর্ণ অভিজ্ঞতা নিন।’
তিনি আশা প্রকাশ করেন, বিশ্বের সবচেয়ে সুখী দেশে এসে অংশগ্রহণকারীরা হয়তো একে অপরের প্রেমে পড়বেন, ফিনিশ খাবারের প্রেমে মজবেন কিংবা নতুন প্রিয় ভ্রমণগন্তব্য খুঁজে পাবেন।

আবেদনের যোগ্যতা ও নিয়ম
বিশ্বের যেকোনো দেশের ১৮ বছর বা তার বেশি বয়সী অবিবাহিতরা এ আয়োজনে আবেদন করতে পারবেন। তবে আবেদনকারী ফিনল্যান্ডের বাসিন্দা হতে পারবেন না। প্রত্যেককে আলাদাভাবে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময় ২০২৬ সালের ১০ নভেম্বর, ফিনল্যান্ডের স্থানীয় সময় সকাল ১১টা ৫৯ মিনিট। নির্বাচিত ১৬ জনের নাম ১ ডিসেম্বর ভিজিট ফিনল্যান্ডের ইনস্টাগ্রাম ও টিকটক অ্যাকাউন্টে প্রকাশ করা হবে।

নির্বাচিত ব্যক্তিদের বিমানভাড়া, আবাসন, খাবার ও বিভিন্ন কার্যক্রমের সম্পূর্ণ খরচ বহন করবে পর্যটন সংস্থাটি। আয়োজকদের ভাষ্য, এটি হবে একটি স্বচ্ছন্দ দলীয় নৈশভোজ। সব অংশগ্রহণকারী একসঙ্গে খাবার খাবেন এবং ফিনল্যান্ডের বিশেষ স্বীকৃত স্বাদতালিকার খাবার উপভোগ করবেন।

যেভাবে আবেদন করবেন
আবেদনের জন্য ইংরেজিতে একটি সংক্ষিপ্ত ভিডিও তৈরি করতে হবে। ভিডিওতে উত্তর দিতে হবে এই প্রশ্নের—‘ডিনার ডেটে আপনি কী খাবার পরিবেশন করবেন এবং কেন?’
এরপর ভিডিওটি টিকটক, ইনস্টাগ্রাম কিংবা ইউটিউবের মতো কোনো পাবলিক সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে পোস্ট করতে হবে। পোস্টে #FinnishDinnerDate হ্যাশট্যাগ ব্যবহার করার পাশাপাশি ভিজিট ফিনল্যান্ডকে ট্যাগ করতে হবে।