জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্পোর্টস উইং হিসেবে আজ বিকেলে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স। সংগঠনটিতে যোগ দিয়ে আহ্বায়কের দায়িত্ব পেতে যাচ্ছেন দেশের ক্রীড়া সংগঠক নাজমুল আবেদীন ফাহিম। তার সঙ্গে সদস্যসচিব হতে পারেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থ কমিটির সাবেক প্রধান এম নাজমুল ইসলাম। তিনি পদে থাকা অবস্থায় গত জানুয়ারিতে খেলোয়াড়দের নিয়ে কিছু মন্তব্য করে আলোচিত হয়েছিলেন।
সোমবার বিকেল চারটায় রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে এনসিপির ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপস্থিত থাকবেন। সেখানে নতুন এই সংগঠনে দুই নাজমুল আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
নাজমুল আবেদীন ফাহিম ১৯৮৮ সালে বিকেএসপিতে কোচিং শুরু করেন। বিসিবিতে যোগ দেন ২০০৫ সালে। প্রথমে ছিলেন হাই পারফরম্যান্স দলের জ্যেষ্ঠ কোচ। এরপর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রশিক্ষক ও বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবেও কাজ করেন। ২০১৭ সালে তিনি বাংলাদেশ নারী ক্রিকেট দলের দায়িত্ব পান। তার সময়ে নারী ক্রিকেট দল ২০১৮ সালের এশিয়া কাপের শিরোপা জিতেছিল, জিতেছিল ২০১৯ সালের আইসিসি নারী টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বেও। ২০১৯ সালের সেপ্টেম্বরে নাজমুল আবেদীন বিসিবি থেকে পদত্যাগ করেন।
গত জানুয়ারিতে যখন টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়, সে সময় এম নাজমুল ইসলামের কিছু মন্তব্য ক্রিকেটাঙ্গনে উত্তেজনা তৈরি করেছিল।
