জিজ্ঞাসাবাদে দীপের সংশ্লিষ্টতা মিলেছে ৪ দিনের রিমান্ডে দিশা

তাহসিফের মৃত্যু

জিজ্ঞাসাবাদে দীপের সংশ্লিষ্টতা মিলেছে ৪ দিনের রিমান্ডে দিশা

ফন্ট সাইজ:

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় ৪ দিনের রিমান্ডে নিয়ে জুনিয়র বন্ধু শাহরিয়ার রেজা দীপকে নিবিড় জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারী কর্মকর্তারা। এরই মধ্যে সিসিটিভি ফুটেজ, জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তথ্যপ্রমাণে এই ঘটনার সঙ্গে দীপের সংশ্লিষ্টতা পেয়েছে টঙ্গী নৌ-পুলিশ। একই সঙ্গে সেই রাতে তাহসিফের সঙ্গে থাকা তার বান্ধবী জেরিকা তাসনীম দিশা (১৯) কেও আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন মামলাটির তদন্তকারী কর্মকর্তারা।

এর আগে তাহসিফ হত্যা মামলায় জড়িত সন্দেহে শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে রাজধানীর কাফরুলের নিজ বাসা থেকে দিশাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর গতকাল দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে দিশার বিরুদ্ধে মোট ৬টি গ্রাউন্ডে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত গ্রেপ্তার জেরিকা তাসনীম দিশাকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা নৌ-পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন বলেন, মামলার তদন্তে তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, গত ২৭শে অক্টোবর রাতে নিহত তাহসিফের সঙ্গে উত্তরার ‘নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে’ যান জেরিকা তাসনীম দিশা। এ ছাড়াও ঘটনার আগে তারা একাধিকবার ‘সিপি ফাইভ স্টার স্ন্যাকস’-এ গিয়েছিলেন। একটি মোটরসাইকেল গ্যারেজে এই মামলার অপর রিমান্ডপ্রাপ্ত আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপের সঙ্গেও দিশাকে একসঙ্গে অবস্থান করতে দেখা গেছে। এ ছাড়া ভিকটিম তাহসিফের সঙ্গে দিশার রেস্টুরেন্টে অবস্থানসহ মোটরসাইকেলে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করেছিলেন। নিহত তাহসিফের মোবাইল কললিস্ট (সিডিআর) পর্যালোচনায় দেখা যায়, ঘটনার আগে দিশার সঙ্গে তার একাধিকবার ফোনালাপের প্রমাণ রয়েছে।

তিনি বলেন, হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্‌ঘাটন, অন্য অজ্ঞাত আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার, হত্যাকাণ্ডের স্থান নির্ধারণ, আলামত উদ্ধার এবং অপর আসামি দীপের দেয়া তথ্যের সঙ্গে দিশার বক্তব্য ক্রস-চেক করার জন্য দিশাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন। এই জন্যই তাকে রিমান্ডে নেয়া হয়েছে। তিনি বলেন, তাহসিফ হত্যার মূল রহস্য উদ্‌ঘাটন, হত্যাকাণ্ডে জড়িত অজ্ঞাতনামা অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার, মামলার আলামত উদ্ধার, হত্যাকাণ্ডের স্থান নির্ধারণ, ওই তরুণীর দেয়া বক্তব্যের সত্যতা পরীক্ষাসহ রিমান্ড আবেদনে দিশাকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা ছয়টি কারণ তুলে ধরেছি আদালতে।

মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ ছাড়াও এ মামলায় সন্দেহভাজন আরেক আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপ বর্তমানে পুলিশ হেফাজতে রিমান্ডে রয়েছে। ওই তরুণী ও দীপের বক্তব্যের মধ্যে মিল-অমিল যাচাই করা প্রয়োজন। প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে ওই তরুণীর সংশ্লিষ্টতার তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে বলেই দাবি করেছেন তদন্ত কর্মকর্তা টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক ফিরোজ উদ্দিন। তিনি বলেন, দিশা আমাদের জানিয়েছেন, ওইদিন তাহসিফই তাকে ফোন করে দেখা করার কথা বলেন। সেই ফোন পেয়েই তিনি নেস্ট বারের সামনে আসেন। কিন্তু ওই নেস্ট বারে আসার আগেও তাহসিফের সঙ্গে তার উপস্থিতির প্রমাণ পেয়েছি। তার সঙ্গে দীপও ছিল। সব তথ্য আমরা যাচাই বাছাই করে দেখছি।

এদিকে তাহসিফের লাশ উদ্ধারের ঘটনায় গত ২৯শে অক্টোবর রাতে মোহাম্মদপুর বাবর রোডের বি ব্লকের ১৩সি/৫সি বাসার তিনতলা থেকে দীপকে হেফাজতে নেয় পিবিআই। দুইদিনের জিজ্ঞাসাবাদ ও রাজধানী টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযানের পর দীপকে টঙ্গী নৌ-পুলিশের কাছে হস্তান্তর করে পিবিআই। এরপর জিজ্ঞাসাবাদের জন্য শনিবার দুপুরে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করেন টঙ্গী নৌ-পুলিশের সদস্যরা। আসামি ও রাষ্ট্রপক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াসের আদালত দীপের চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।
তদন্তসংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তা বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, ঘটনার দিন মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত দেড়টা পর্যন্ত তাহসিফের সঙ্গেই ছিলেন দীপ। ফুটেজ ও গোপন তথ্যে নিশ্চিত হওয়া গেছে যে দীপ তাহসিফকে নিয়ে টঙ্গীর মাজার বস্তি এলাকায় গিয়েছিলেন। কিন্তু সেখান থেকে তাহসিফ আর ফেরেননি, দীপ একাই ফিরে আসেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদেও দীপের বয়ানে চরম অসংগতি পাওয়ায় সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। তিনি বলেন, দীপের দেয়া তথ্যের ভিত্তিতেই লাশ উদ্ধারের সাড়ে তিন কিলোমিটার দূর থেকে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। দিশার নাম-ঠিকানাও দীপের কাছ থেকে পাওয়া গেছে। প্রাথমিকভাবে দীপের সঙ্গে এই ঘটনার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এখনো রিমান্ডের সময় আছে। আশা করছি এই ঘটনার রহস্য উদ্‌ঘাটন করতে পারবো।
এ বিষয়ে নৌ-পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তার বন্ধু দীপের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। রিমান্ডে তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে এখনই সব তথ্য প্রকাশ করা সম্ভব নয়।