খুলনা মহানগরীর আড়ংঘাটা থানার রায়মহল এলাকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে বসে থাকা অবস্থায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় সৈয়দ হুমায়ুন কবির নামে তাঁতী দলের এক নেতা নিহত হয়েছেন। তিনি তাঁতী দলের খুলনা মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে।
হুমায়ুন কবির রায়মহল বড় মসজিদের পেছনে ‘ইল ক্যান্টিন’ নামে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে বসে ছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র, রামদা ও চাপাতি নিয়ে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তার শরীরের বিভিন স্থানে এলোপাতাড়ি কোপানোর পাশাপাশি বুকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালে উপস্থিত নিহতের ভাইয়ের ছেলে সৈয়দ দিদারুল আলম বিপ্লব অভিযোগ করেন, নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের ছাত্রদল নেতা আরাফাত হোসেনের নেতৃত্বে হামলা চালিয়ে তার চাচাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার দাবি, হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে হুমায়ুন কবিরকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়।
হুমায়ুন কবীর বিগত সিটি করপোরেশন নির্বাচনে ১৪ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন করেছিলেন। আগামী কেসিসি’র নির্বাচনে একই ওয়ার্ড থেকে নির্বাচন করার প্রস্তুতি নিয়েছিলেন। খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ শাহজাহান আলী বলেন, ঘটনাটি খালিশপুর ও আড়ংঘাটা থানার সীমান্তবর্তী এলাকা হলেও ঘটনাটি আড়ংঘাটা থানা এলাকায় ঘটেছে। তবে আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলিমুর রহমানের নম্বরে কল করা হলেও সেটি রিসিভ হয়নি।
