স্বনির্ভর বাংলাদেশ গড়ার ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে যুব ও তরুণসমাজকে নিজেদের দক্ষ ও যোগ্য করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেছেন, আগে তোমাদের অর্থের পেছনে ঘোরা উচিত নয়। নিজেকে এমনভাবে দক্ষ হিসেবে তৈরি করতে হবে, যাতে অর্থ তোমার পেছনে ঘোরে। আগে যোগ্য হও, তারপর আকাঙ্ক্ষা করো-এটাই তোমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। রোববার দুপুরে ঘিওর উপজেলার জোকা এলাকায় মানিকগঞ্জ জেলা যুব উন্নয়ন কেন্দ্র মিলনায়তনে জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, যুব ঋণের চেক, সনদপত্র ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে খাদ্যমন্ত্রী বলেন, তিনি ১৯৭৮ সালে যুব উন্নয়ন অধিদপ্তর প্রতিষ্ঠা করেছিলেন এবং পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এটিকে আরও বেগবান করেন। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যুবসমাজকে অগ্রভাগে রেখেই দেশের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুল আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপসি'ত ছিলেন- জেলা পুলিশ সুপার সারওয়ার আলম, সিভিল সার্জন ডা. আইভি ফেরদৌস এবং মানিকগঞ্জ যুব উন্নয়ন কেন্দ্রের উপ-পরিচালক ড. মো. শহীদুল ইসলাম। নতুন উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তি সহজ করার আশ্বাস দিয়ে খাদ্যমন্ত্রী বলেন, নতুন উদ্যোক্তাদের ঋণের ক্ষেত্রে নানা ধরনের জটিলতার মুখোমুখি হতে হয়। ব্যাংকে গেলেও অনেক ঝামেলা পোহাতে হয়। বর্তমান সরকার চেষ্টা করছে যাতে সহজ উপায়ে এবং কম সুদে ঋণ পাওয়া যায়। সেই বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। বর্তমান সরকারের কার্যক্রম তুলে ধরে তিনি আরও বলেন, আমাদের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। বর্তমান সরকারের এক বছরও পূর্ণ হয়নি, এর মধ্যেই তরুণ ও উদ্যোক্তাদের সঙ্গে নিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নেয়ার চেষ্টা চলছে। জুলাই গণ-অভ্যুত্থানে তরুণসমাজের অবদানের কথা স্মরণ করে মন্ত্রী বলেন, আজকের এই তরুণ সমাজ- যারা গণ-অভ্যুত্থানে যুদ্ধ করেছে, নিজেদের প্রচেষ্টায় দেশটিকে রক্ষা করেছে- তোমাদের কারণেই এই গণতান্ত্রিক বাংলাদেশ আজ পুনরুজ্জীবিত হয়েছে।
এর আগে, সকালে জাতীয় যুব দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে মন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এবং যুব উদ্যোক্তাদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন। অনুষ্ঠান শেষে সফল যুব উদ্যোক্তাদের মাঝে যুব ঋণের চেক, প্রশিক্ষণ সমাপনী সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়।
খাদ্যমন্ত্রী রিতা
অর্থের পেছনে না ঘুরে আগে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ থেকে
২ নভেম্বর (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
