কক্সবাজারের চকরিয়ায় ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ৩ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৩ লাখ টাকা লুটে নিয়ে গেছে। এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের হামলায় গৃহকর্তাসহ একই পরিবারের ৩ জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভোররাত ৪টার দিকে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড হিন্দুপাড়া এলাকার বাসিন্দা নারায়ণ কান্তি দে (৪৫)-এর বসতবাড়িতে এ ঘটনা ঘটে। মুখোশধারী সশস্ত্র ৭-৮ জনের ডাকাতদল বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে।
ভুক্তভোগী নারায়ণ কান্তি দে জানান, ডাকাতরা ঘরে ঢুকেই সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এ সময় বাধা দিতে গেলে ডাকাতদল ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে বড়ভাই বাঁশি মোহন দে (৪৮), বড় ভাইয়ের ছেলে প্রশান্ত দে (১৯)কে গুরুতর আহত করে। এ সময় ডাকাতরা আলমারি ও ওয়ারড্রব ভেঙে ৩ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৩ লাখ টাকা লুটে নিয়ে পালিয়ে যায়। এদিকে ঘটনার খবর পেয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান দ্রুত পুলিশ দল নিয়ে ঘটনাস'ল পরিদর্শন করেন। তিনি জানান, আহতদের চিকিৎসার খোঁজখবর নেয়া হচ্ছে। ডাকাতদের চিহ্নিত করতে এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম ইতিমধ্যে অভিযান শুরু করেছে।
