কুমিল্লায় জামায়াতের দুই সাবেক নেতার রুকনিয়াত বাতিল

ফন্ট সাইজ:

জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর দুই সাবেক শীর্ষ নেতার সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। তারা হলেন- কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমীর কাজী দ্বীন মোহাম্মদ এবং সাবেক নায়েবে আমীর একেএম এমদাদুল হক মামুন। তারা দু’জনই দলের কেন্দ্রীয় তালিকাভুক্ত সদস্য (রুকন) ছিলেন।
গত ১৪ই অক্টোবর কুমিল্লা মহানগর জামায়াতের কার্যালয়ে সভা চলাকালে সৃষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। দলীয় সূত্র মতে, গত ২৬শে অক্টোবর জামায়াত আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। তদন্ত কমিটির সুপারিশ পর্যালোচনা শেষে সভায় কাজী দ্বীন মোহাম্মদ ও একেএম এমদাদুল হক মামুনের রুকনিয়াত বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়।
রোববার বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা মহানগর জামায়াতের বর্তমান দায়িত্বপ্রাপ্ত মাওলানা আবদুল হালিম। তবে ১৪ই অক্টোবর মহানগর জামায়াতের কার্যালয়ে কী ঘটেছিল এবং তদন্ত কমিটির প্রতিবেদনে কী কী বিষয় উঠে এসেছে- সে বিষয়ে বিস্তারিত পাওয়া যায়নি।