ময়মনসিংহের ভালুকায় শ্যালকের স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে তাকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে ধলিয়া আজিমুন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের দপ্তরি আশরাফুল আলমকে বরখাস্তের দাবিতে মানববন্ধন করেছেন বিদ্যালয়ের ছাত্রীদের অভিভাবক ও এলাকাবাসী। রোববার দুপুরে উপজেলার ধীতপুর ইউনিয়নের ধলিয়া গ্রামে অবসি'ত বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন অভিভাবক মো. ফখর উদ্দিন, হারুন অর রশিদ, সোহেল মণ্ডলসহ অন্যরা।
বক্তারা অভিযোগ করেন, বিদ্যালয়ের দপ্তরি আশরাফুল আলম তার আপন শ্যালকের স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে ওই নারীকে নিয়ে পালিয়ে যায়। তাদের দাবি, এ ঘটনায় এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। বাবার এমন কর্মকাণ্ডে সামাজিকভাবে অপমানিত বোধ করে আশরাফুলের মেয়ে ও বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী মনিশা আক্তার আত্মহত্যা করে মারা যায় বলে তারা অভিযোগ করেন। বক্তারা বলেন, যে ব্যক্তির বিরুদ্ধে এমন গুরুতর নৈতিক স্খলনের অভিযোগ উঠেছে, তার একটি বালিকা শিক্ষাপ্রতিষ্ঠানে দপ্তরি হিসেবে দায়িত্ব পালন করার অধিকার নেই। মানববন্ধনে উপসি'ত অভিভাবক ও এলাকাবাসী তাদের সন্তানদের সম্মান ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা জানান, আশরাফুল আলমের বিরুদ্ধে আদালতে দু’টি মামলা রয়েছে।
তাদের ভাষ্য, নিজের শ্যালকের স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে তারা বিদ্যালয়ের দপ্তরি পদে দেখতে চান না। বক্তারা অবিলম্বে আশরাফুল আলমকে দপ্তরি পদ থেকে বরখাস্তের দাবি জানান। অন্যথায় তারা তাদের সন্তানদের বিদ্যালয় থেকে সরিয়ে অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করানোর হুঁশিয়ারি দেন। এ বিষয়ে ধলিয়া আজিমুন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রাহাত খান বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। তবে এ বিষয়ে তাকে কেউ লিখিতভাবে অভিযোগ জানাননি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নৈতিক স্খলনের অভিযোগ ওঠা কোনো ব্যক্তির বালিকা বিদ্যালয়ের দপ্তরি পদে থাকার সুযোগ নেই।
