আত্মনির্ভরশীল ও উদ্ভাবনী প্রজন্ম গড়ে তুলতে হবে: গাকৃবি ভিসি

ফন্ট সাইজ:

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেছেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবনকে শিল্পের সঙ্গে যুক্ত করতে পারলে তা জাতীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। একই সঙ্গে শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল ও উদ্ভাবনী প্রজন্ম গড়ে তুলতে হবে। তিনি গবেষণাগারে সৃষ্ট জ্ঞান ও উদ্ভাবনকে শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত করে বাস্তবমুখী প্রয়োগ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের জন্য প্রচলিত কর্মসংস'ানের বাইরেও বহুমাত্রিক ক্যারিয়ারের সুযোগ উন্মোচনের ওপর গুরুত্বারোপ করে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) অনুষ্ঠিত সেমিনারে এসব কথা বলেন। গতকাল বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে শিল্পোদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের জন্য অনুষ্ঠিত এক সেমিনারে সভাপতিত্ব করেন গাকৃবি’র ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-মামুন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. জাহিদুর রহমান এবং ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বহিরাঙ্গন কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. ফারহানা ইয়াসমিন। সেমিনারের প্রথম ও দ্বিতীয় পর্বে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবনকে শিল্প ও বাজারের সঙ্গে সংযুক্ত করার সম্ভাবনা, গবেষণালব্ধ জ্ঞানের বাস্তব প্রয়োগ এবং উদ্ভাবনের বাণিজ্যিকীকরণ এবং শিক্ষার্থীদের প্রচলিত চাকরির গণ্ডি পেরিয়ে নিজেদের আগ্রহ, দক্ষতা ও উদ্যোক্তা হওয়ার বিষয় নিয়ে আলোচনা হয়। এতে দেশের ৩০টি সরকারি ও বেসরকারি শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের ডিন, পরিচালক, শিক্ষক, রেজিস্ট্রার, প্রক্টরসহ স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী ও সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য ও সেমিনারের প্রেক্ষাপট তুলে ধরেন গাকৃবি’র ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ। এরপর বিশ্ববিদ্যালয়ের গবেষণা, উদ্ভাবন ও উন্নয়ন কার্যক্রমের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। ভিসি’র বক্তব্যে গবেষণার বাস্তব প্রয়োগ, শিল্প-একাডেমিয়া সহযোগিতা এবং দক্ষ মানবসম্পদ গঠনে বিশ্ববিদ্যালয়ের ভূমিকার বিষয়টি গুরুত্ব পায়। পরে ভিসি প্রধান অতিথিকে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট প্রদান করেন।

এরপর শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে গাকৃবি ভিসি এবং ইউজিসি সদস্যবৃন্দের সঙ্গে সরাসরি মতবিনিময় ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। পর্বটি পরিচালনা করেন প্রধান অতিথি প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-মামুন। এতে শিল্পোদ্যোক্তা ও শিক্ষকরা গবেষণালব্ধ জ্ঞান ও প্রযুক্তির কার্যকর প্রয়োগ, উদ্ভাবনের বাণিজ্যিকীকরণ, শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা এবং বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ গবেষণার গুরুত্ব তুলে ধরেন। অন্যদিকে শিক্ষার্থীরা তরুণদের জন্য সরকারের গৃহীত পরিকল্পনা নিয়ে নিজেদের ভাবনা ও প্রশ্ন তুলে ধরেন।