সিলেট টেস্টে মুমিনুলের জায়গায় অমিত

সিলেট টেস্টে মুমিনুলের জায়গায় অমিত

ফন্ট সাইজ:

মাথায় আঘাতের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলা হচ্ছে না মুমিনুল হকের। মিরপুর টেস্টে ফিল্ডিংয়ের সময় মাথায় আঘাত পেয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামতে পারেননি তিনি। তার পরিবর্তে কনকাশন সাব হিসেবে খেলেছিলেন জাকের আলী। এবার সিলেট টেস্টের দল থেকেও ছিটকে গেলেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।
মুমিনুলের জায়গায় দ্বিতীয় টেস্টের ১৫ সদস্যের দলে ডাক পেয়েছেন অমিত হাসান। প্রথম টেস্টের দল থেকে একমাত্র পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কনকাশন প্রটোকল অনুযায়ী, মাথায় আঘাত পাওয়ার পর কোনো ক্রিকেটারের কনকাশন শনাক্ত হলে মাঠে ফেরার আগে তাকে অন্তত সাত দিন বিশ্রামে থাকতে হয়। সেই নিয়ম মেনেই দ্বিতীয় টেস্টের দলে রাখা হয়নি মুমিনুলকে।

গত জুনে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল অমিতের। মুমিনুলের পরিবর্তে দলে সুযোগ পাওয়া এই ডানহাতি ব্যাটসম্যান অভিষেক ম্যাচের প্রথম ইনিংসে ৪ ও দ্বিতীয় ইনিংসে ২৫ রান করেন। এরপর অস্ট্রেলিয়া সিরিজ, আফগানিস্তানের বিপক্ষে টেস্ট এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি সিরিজের প্রথম টেস্টের দলে জায়গা হয়নি তার। তবে ঘরোয়া ক্রিকেটে ছন্দেই আছেন অমিত। চলমান জাতীয় ক্রিকেট লীগে সিলেট বিভাগের হয়ে পাঁচ ইনিংসে করেছেন ৩৬১ রান। এর মধ্যে রয়েছে একটি ডাবল সেঞ্চুরিও। ঘরোয়া ক্রিকেটে এই পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই আবারও জাতীয় দলের দরজা খুলেছে তাঁর সামনে। আগামীকাল থেকে সিলেটে শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্ট। মুমিনুলের অনুপস্থিতিতে ব্যাটিং বিভাগে নতুন করে সমন্বয় করতে হবে বাংলাদেশকে।

সিলেট টেস্টের বাংলাদেশ দল
নাজমুল হোসেন (অধিনায়ক), সাদমান ইসলাম, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, লিটন দাস, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন ও অমিত হাসান।