সাফ থেকে ছিটকে গেলেন রোনান সুলিভান

সাফ থেকে ছিটকে গেলেন রোনান সুলিভান

ফন্ট সাইজ:

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ে অন্যতম নায়ক ছিলেন রোনান বেঞ্জামিন সুলিভান। প্রথমবারের মতো বাংলাদেশ দলে ডাক পেয়ে নিজেকে প্রমাণের অপেক্ষায় ছিলেন এই প্রবাসী ফুটবলার। কিন্তু সেই অপেক্ষা আরও বাড়লো। ইনজুরির কারণে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে খেলা হচ্ছে না রোনানের । ফেডারেশন সূত্রে জানা গেছে, চোটের কারণে শেষ পর্যন্ত বাংলাদেশে আসতে পারছেন না যুক্তরাষ্ট্রপ্রবাসী এই স্ট্রাইকার। এতে দলের আক্রমণভাগ নিয়ে কোচ থমাস ডুলির দুশ্চিন্তা আরও বেড়েছে। প্রাথমিকভাবে নভেম্বরে বাংলাদেশে আসার পরিকল্পনা ছিল না রোনানের। তবে পরে কলেজের কোচের কাছ থেকে ছুটি পাওয়ায় ৩ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে থাকার বিষয়টি নিশ্চিত করেন তিনি। সে অনুযায়ী যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ১ নভেম্বর রাতে বাংলাদেশে আসার টিকিটও কেটে দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কিন্তু ইনজুরির খবর পাওয়ার পর সেই টিকিট বাতিল করেছে ফেডারেশন। ফলে জাতীয় দলের জার্সিতে রোনানের অভিষেকের অপেক্ষা আরও দীর্ঘ হলো।

সাফ চ্যাম্পিয়নশিপের জন্য গত ১৮ অক্টোবরের মধ্যে ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড জমা দেওয়ার কথা ছিল অংশগ্রহণকারী দলগুলোর। তবে স্বাগতিক বাংলাদেশ এখনো তালিকা জমা দেয়নি। কোচ ডুলির পরিকল্পনায় সেই ২৮ জনের মধ্যেই ছিলেন রোনান। তার ছিটকে যাওয়ায় আক্রমণভাগের পরিকল্পনায় পরিবর্তন আনতে হচ্ছে কোচকে। নতুন করে স্কোয়াড সাজানোর পাশাপাশি স্ট্রাইকিং পজিশনের বিকল্প নিয়েও ভাবতে হবে তাকে। এদিকে জাতীয় দলের ক্যাম্পেও স্বস্তিতে নেই ডুলি। দলের অভিজ্ঞ ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ এখনো পুরোপুরি ফিট নন।

জ্বর থেকে সেরে উঠেছেন মোরসালিন। গতকাল বিরতির পর গতকাল সকালে ফুটবলারদের নিয়ে অনুশীলন করিয়েছেন কোচ। তবে এখনো দুই ভাগে ভাগ করে নিজেদের মধ্যে পূর্ণাঙ্গ ম্যাচ অনুশীলন করাতে পারেননি তিনি। ৫ই নভেম্বর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচের আগে হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদকে পাচ্ছেন না ডুলি। এর বাইরে দলে ডাক পাওয়া ইতালিপ্রবাসী ফাহমিদুল ইসলামও এখনো ক্যাম্পে যোগ দেননি। আগামীকাল তার অনুশীলনে যোগ দেওয়ার কথা। সব মিলিয়ে সাফের আগে পূর্ণ শক্তির দল পাওয়া নিয়ে অনিশ্চয়তা কাটছে না বাংলাদেশের। টুর্নামেন্ট শুরুর মাত্র চার দিন আগে দল গুছিয়ে নেওয়াই এখন ডুলির জন্য বড় চ্যালেঞ্জ।