ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে মুখিয়ে আছেন শমিত সোম। প্রায় এক বছর পর বাংলাদেশের স্টেডিয়ামে খেলতে নামার অপেক্ষায় এই প্রবাসী ফুটবলার। শুধু নিজেদের ভালো পারফরম্যান্স নয়, দেশের ফুটবলপ্রেমীদের জন্য শিরোপা জিততে চান তিনি। আগামী ৫ই নভেম্বর ঢাকায় শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ। উদ্বোধনী দিনেই ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। টুর্নামেন্ট নিয়ে শমিত বলেন, ‘আমরা সবার জন্য জিততে চাই। বাংলাদেশের মানুষের সামনে খেলতে আমরা রোমাঞ্চিত। প্রায় এক বছর পর দেশের স্টেডিয়ামে
খেলব। আশা করি, এবারও ভালো ফল করতে পারব। পুরো বাংলাদেশের জন্য ভালো পারফরম্যান্স করতে চাই।’
সাফের আগে হামজা চৌধুরী ও ফারহানকে না পাওয়ার শঙ্কা এবং এক সতীর্থের ছিটকে যাওয়া দলের জন্য ধাক্কা হলেও বিকল্প খেলোয়াড়দের ওপর আস্থা রাখছেন শমিত।
কানাডা প্রবাসী ফুটবলার বলেন, ‘অবশ্যই হামজা ও ফারহানকে মিস করবো। তারা গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তবে আমাদের দলে আরও ভালো খেলোয়াড় আছে। আমার বিশ্বাস, তারা এই ঘাটতি পূরণ করতে পারবে। ভুটানের বিপক্ষে আমরা ভালো করতে পারবো।’ নিজেও চোট কাটিয়ে পুরো ফিট হওয়ার চেষ্টা করছেন শমিত। গত চার-পাঁচ সপ্তাহ চোটের কারণে ক্লাবের হয়ে খেলতে পারেননি। তবে জাতীয় দলের অনুশীলনে ভালো অনুভব করছেন তিনি। শমিত বলেন, ‘এখন পর্যন্ত বেশ ভালো বোধ করছি। অনুশীলনে সবকিছু ঠিকঠাক মনে হচ্ছে। মূল লক্ষ্য ফিটনেস
বাড়ানো। ভুটান ম্যাচের আগে আরও দুই-তিন দিন সময় আছে। আশা করি, দলের জন্য ভালো কিছু করতে পারব।’ বাংলাদেশের
নতুন জার্সি নিয়েও উচ্ছ্বসিত শমিত। স্থানীয় ব্র্যান্ড দৌড়-এর তৈরি জার্সির প্রশংসা করে তিনি বলেন, ‘সবুজ জার্সিটা আমার বেশি পছন্দ হয়েছে। সবচেয়ে বড় ব্যাপার, জাতীয় দলের জার্সি সরবরাহ করছে একটি স্থানীয় ব্র্যান্ড। এটা সত্যিই বড় বিষয়।’
দেশের দর্শকদের সমর্থনকে বাড়তি অনুপ্রেরণা হিসেবে দেখছেন এই মিডফিল্ডার। তার বিশ্বাস, গ্যালারিভর্তি দর্শকের সামনে খেলতে পারলে দল বাড়তি শক্তি পাবে।
