বাবুপুরের খেলার মাঠ সম্প্রসারণে জমি কিনে দেবে সরকার

ফন্ট সাইজ:

গ্রামবাসীর উদ্যোগে কেনা খেলার মাঠের পাশে আরও জমি কিনে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বাবুপুর গ্রামের বাসিন্দাদের এমন উদ্যোগের প্রশংসা করে মাঠটি সম্প্রসারণে জমি কেনার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। গতকাল জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘বাবুপুরবাসীর এই অনন্য উদ্যোগের ভিডিও ফুটেজ প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হওয়ার পর তিনি তাৎক্ষণিকভাবে এ বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।’

প্রধানমন্ত্রীর বিশেষ আগ্রহের কথা তুলে ধরে আমিনুল হক বলেন, ‘বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গেই ভারপ্রাপ্ত সচিবকে টাঙ্গাইলের জেলা প্রশাসক (ডিসি) ও দেলদুয়ারের উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। প্রধানমন্ত্রীর নির্দেশনা ও সদিচ্ছা বাস্তবায়ন করতেই মূলত এ উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য, গ্রামবাসীর পাশে দাঁড়িয়ে তাদের একটি পরিপূর্ণ ও আধুনিক খেলার মাঠ উপহার দেওয়া।’
প্রায় সাড়ে তিন হাজার মানুষের বসবাস বাবুপুর গ্রামে এতদিন শিশু-কিশোরদের খেলাধুলার জন্য কোনো স্থায়ী মাঠ ছিল না। এই সংকট দূর করতে গ্রামের তরুণ ও উদ্যোক্তারা নিজেরাই উদ্যোগ নেন। তাঁদের আহ্বানে সাড়া দিয়ে সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে চাঁদা দেন। সেই অর্থে ৬০ শতাংশ জমি কিনে সমপ্রতি মাঠটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
গ্রামবাসীর এমন ব্যতিক্রমী উদ্যোগের খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হলে তা সরকারের নীতিনির্ধারকদের নজরে আসে। এরপরই মাঠটির পরিসর বাড়াতে সরকারের পক্ষ থেকে জমি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) জেনারেল উপস্থাপিত প্রায় ৪ কোটি ৪১ লাখ টাকার সামগ্রিক বাজেট ও সম্ভাব্যতা যাচাই সাপেক্ষে দ্রুত কাজ শুরুর ঘোষণাও দেওয়া হয়।

আমিনুল হক মনে করেন, প্রধানমন্ত্রীর এই অনুপ্রেরণা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেশের অন্য গ্রামগুলোতেও এমন উদ্যোগ নিতে উৎসাহ জোগাবে। বাবুপুরের মতো জনসম্পৃক্ত উদ্যোগের মাধ্যমে সারা দেশে শিশু-কিশোরদের জন্য খেলাধুলার সুস্থ পরিবেশ গড়ে উঠবে।