গিয়াসনগর বিএনপি’র সম্পাদক শামীমকে অব্যাহতি, দায়িত্বে মিলাদ

ফন্ট সাইজ:

মৌলভীবাজার সদর উপজেলার ১২ নম্বর গিয়াসনগর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মীর মো. শামীমকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। একইসঙ্গে তার মৌলভীবাজার সদর উপজেলা বিএনপি’র সদস্যপদ স্থগিত করা হয়েছে। তার স্থলে ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মিলাদ হোসেনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে। শনিবার মৌলভীবাজার সদর উপজেলা বিএনপি’র সভাপতি মো. মুজিবুর রহমান মজুমদার ও সাধারণ সম্পাদক মারুফ আহমদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় সাংগঠনিক শৃঙ্খলা, নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে মীর মো. শামীমকে সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

পাশাপাশি তার উপজেলা বিএনপি’র সদস্যপদ স্থগিত করা হয়েছে। অন্যদিকে গিয়াসনগর ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মিলাদ হোসেনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তির অনুলিপি মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নাসের রহমান, জেলা বিএনপি’র আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন এবং সদস্য সচিব আব্দুর রহিম রিপনের কাছে পাঠানো হয়েছে।