ঋণের দায়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা

ঋণের দায়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা

ফন্ট সাইজ:

গাইবান্ধায় ঋণের দায়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আবু বক্কর সিদ্দিক (৫২) আত্মহত্যা করেছেন। গতকাল সকালে গাইবান্ধা পৌর শহরের দুই নম্বর রেলগেট এলাকার রেললাইনে লোকাল পদ্মরাগ ট্রেনের নিচে ঝাঁপ দেন তিনি। নিহত আবু বক্কর সিদ্দিক গাইবান্ধার পৌর শহরের পূর্ব কোমরনই পাড়ার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। স্থানীয়রা জানায়, শান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ লোকাল ট্রেনটি গাইবান্ধা শহরের দুই নম্বর রেলগেট ক্রস করার সময় হঠাৎ বক্কর সিদ্দিক লাফ দেন। এবং তিনি ঘটনাস্থলে মারা যান। পরে স্থানীয়রা রেলওয়ে পুলিশকে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। নিহতের ভাগিনা রশিদুল ইসলাম বকুল বলেন, মামা সুদের ওপর ঋণ নিয়ে ছিলেন। তারা কিছুদিন হল টাকার জন্য চাপ দিচ্ছিলেন। তিনি টাকা পরিশোধের চাপ সহ্য না করতে পেয়ে আত্মহত্যা করছে বলে ধারণা করা হচ্ছে। গাইবান্ধা রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গনি বলেন, ট্রেনে কাটা পড়ে আবু বক্কর সিদ্দিক নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পরিবারের মাধ্যমে জানা গেছে তিনি ঋণের দায়ে জর্জরিত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঋণের কারণেই তিনি আত্মহত্যা করেছেন। এ ছাড়া নিহতের পকেট থেকে কয়েকজনের নাম লেখা একটি চিরকুট পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তাদের নাম বলা যাচ্ছে না। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।