সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা সেই প্রিন্সসহ সপরিবার কারাগারে

সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা সেই প্রিন্সসহ সপরিবার কারাগারে

ফন্ট সাইজ:

সুনামগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সেই ছাত্রলীগ নেতা দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্স, তার এক বন্ধু, মা-বাবা ও ভাইবোনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার মধ্যরাতে সিলেটের একটি বেসরকারি হাসপাতাল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে রোববার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, নাশকতার মামলার আসামি হিসেবে প্রিন্সকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্যদিকে, তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মব সৃষ্টি করে পুলিশের কাজে বাধা, পুলিশকে আঘাত ও হুমকি দেয়া এবং আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

এর আগে, গত বৃহস্পতিবার রাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা প্রিন্সকে বাসা থেকে থানায় নিয়ে যাওয়ার পর পুলিশি নির্যাতনের অভিযোগ ওঠে। তবে নির্যাতনের অভিযোগ অস্বীকার করে পুলিশ। পুলিশের ভাষ্য, থানায় নেয়ার প্রায় এক ঘণ্টা পর প্রিন্স অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা খবর পান, তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়েছে। সেখানে গিয়ে তারা প্রিন্সকে গুরুতর অসুস্থ অবস্থায় দেখতে পান। পরে সেখানকার চিকিৎসকদের পরামর্শে তাকে সিলেটে পাঠানো হয়। সিলেটের একটি প্রাইভেট ক্লিনিকে পুলিশ হেফাজতে সে চিকিৎসা নেয়।

দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্স নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সুনামগঞ্জ সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক। তিনি সুনামগঞ্জ পৌর শহরের নতুনপাড়া এলাকার বাসিন্দা।