নেত্রকোণায় মামলার বাদীকে হত্যার হুমকি

নেত্রকোণায় মামলার বাদীকে হত্যার হুমকি

ফন্ট সাইজ:

নেত্রকোণার কলমাকান্দায় নিখোঁজের দুইদিন পর পাশের বাড়ির ধানক্ষেতের আইল থেকে মেয়ে শিশুর খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় করা মামলায় বাদীকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে। রোববার বেলা ১১টায় জেলা প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে শিশুটির বাবা মো. আর্শাদ মিয়া ও মা ইয়াসমিন আক্তার এই অভিযোগ করেন। নিহত শিশু জান্নাত আক্তার (৫) উপজেলার কৈলাটি ইউনিয়নের হুগলি গ্রামের আর্শাদ মিয়ার মেয়ে। এদিকে, মামলার বাদীকে হত্যার হুমকির ঘটনায় গত ২৮শে অক্টোবর কলমাকান্দা থানায় একটি সাধারণ ডায়েরি করেছে নিহত শিশুর বাবা মো. আর্শাদ মিয়া। হুমকির পর থেকে তিনি পরিবার নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। জানা যায়, গত ৪ঠা মে বাড়ির পাশে খেলাধুলা করতে গিয়ে নিখোঁজ হয় শিশু জান্নাতুল। পরে পরিবারের লোকজন মাইকিং করে খুঁজে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করে। নিখোঁজের দুইদিন পর ৬ই মে সকালে স্থানীয় আর্শাদ মিয়ার বাড়ির পেছনের ধানক্ষেতের আইলে শিশুর খণ্ডিত লাশ দেখতে পান। পরে পরিবারের লোকজন লাশটি জান্নাতের বলে শনাক্ত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিচ্ছিন্ন অবস্থায় শিশুটির দেহ ও একটি পা উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় শিশুটির ভাই হৃদয় মিয়া বলেন, আমার বোনকে অপহরণের পর হত্যা করেছে। এখন আসামিরা আমার বাবা, মা এবং আমাকে হত্যা করার হুমকি দিচ্ছে। আমরা খুবই আতঙ্কে আছি। আমরা ঘটনার বিচার চাই। শিশুটির মা ইয়াসমিন আক্তার বলেন, ‘আমার বাচ্চাকে যারা হত্যা করেছে, মামলা করায় এখন আমার স্বামী সন্তানকেও হত্যার হুমকি দিচ্ছে। আমরা নিরাপত্তা চাই। আমার সন্তান হত্যার বিচার চাই।’ এ ঘটনায় কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, ‘বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে। আসামি কয়েকজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। তারা জামিনে এসেছে বলে শুনেছি। মামলার বাদীকে হুমকির ঘটনায় জিডি হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’