সিলেট নগরীর বালুচর এলাকার নিজস্ব ভূমির প্রিন্ট পর্চা ও নকশায় অসঙ্গতির কারণে হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী এক ভূমি মালিকের পরিবার। জরিপ কর্তৃপক্ষের ভুলের সুযোগ নিয়ে একটি পক্ষ জমির অংশবিশেষের মালিকানা দাবি করে দখলের অপচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ তাদের। রোববার সিলেট প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভূমির মালিক মুহিবুন্নেসা ওরফে রেনু বেগমের ছেলে মাছুম আহমদ। লিখিত বক্তব্যে মাছুম আহমদ বলেন, তার মা মুহিবুন্নেসা ওরফে রেনু বেগম দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের ফরিদপুর গ্রামের বাসিন্দা এবং বর্তমানে যুক্তরাজ্যপ্রবাসী। তার মালিকানাধীন সিলেট নগরীর বালুচরস্থ আল ইসলাহ এলাকার একখণ্ড ভূমি ১৯৯৯ সাল থেকে সীমানা প্রাচীর দিয়ে ঘেরা অবস্থায় পরিবারের ভোগদখলে রয়েছে। দীর্ঘদিন ধরে তারা ওই জমি ভোগদখল করে আসছেন।
মাছুম আহমদের অভিযোগ, ২০০৪ সালের বিএস জরিপে প্রিন্ট পর্চা ও নকশায় জরিপ কর্তৃপক্ষের ভুলের কারণে জমি নিয়ে বিরোধের সৃষ্টি হয়েছে। ওই ভুলের সুযোগ নিয়ে এলাকার একটি পক্ষ তাদের মালিকানাধীন ভূমির অংশবিশেষ দাবি করে অবৈধভাবে দখলের চেষ্টা করছে। এর ফলে প্রকৃত মালিকানা থাকা সত্ত্বেও তাদের পরিবারকে বারবার হয়রানির শিকার হতে হচ্ছে। তিনি বলেন, দীর্ঘ ২৪ বছর ধরে জমিটি তাদের দখলে থাকলেও এর আগে কেউ মালিকানা নিয়ে কোনো মামলা, হামলা কিংবা জবরদখলের চেষ্টা করেনি। বর্তমানে একটি পক্ষ পরিকল্পিতভাবে তাদেরকে ভয়ভীতি ও সামাজিকভাবে হয়রানি করে জমি দখলের চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করে মাছুম আহমদ বলেন, তারা নিজেদের বৈধ মালিকানা ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে চান। পাশাপাশি জরিপের নথিপত্র ও নকশার অসঙ্গতি নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রত্যাশা করেন।
