চলচ্চিত্রের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন তমা মির্জা। তবে গত কয়েক বছরে নিজেকে অভিনেত্রী হিসেবে ভেঙেচুরে পর্দায় উপস্থাপন করেছেন তিনি। যার কারণে নতুন করে চলচ্চিত্রে পরিচালক ও প্রযোজকরা ভাবছেন। বড় পর্দার বাইরে ওটিটিতেও নিজেকে একজন সুঅভিনেত্রী হিসেবে প্রমাণ করেছেন তিনি। বিশেষ করে রায়হান রাফীর পরিচালনায় ওটিটিতে ধারাবাহিকভাবে বেশ কিছু সুন্দর কাজ উপহার দিয়েছেন তিনি। অন্যদিকে, একই পরিচালকের ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রে আফরান নিশোর বিপরীতে অভিনয় করে ব্যাপক প্রশংসিত হয়েছেন তমা। তার অভিনীত সর্বশেষ সিনেমা শিহাব শাহিন পরিচালিত ‘দাগি’। ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত এ ছবিতেও নিশোর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন তিনি। বরাবরের মতো এ ছবিতেও তমার অভিনয় দর্শকমহলে প্রশংসা কুড়ায়। তবে অনেক কাজে নয়, তমা এখন বিশ্বাসী কম কিন্তু মানসম্পন্ন কাজে। এ কারণেই প্রস্তাব থাকা সত্ত্বেও সব ধরনের সিনেমায় অভিনয় না করার সিদ্ধান্ত তার। তবে এবার নতুন মিশনে নেমেছেন এ অভিনেত্রী। এবারো তিনি জুটি বেঁধেছেন নিশোর সঙ্গে। তবে নয়া গল্প ও নির্মাণে।
প্রথমবারের মতো সিনেমা বানাচ্ছেন ছোট পর্দা ও ওটিটির আলোচিত নির্মাতা ভিকি জাহেদের সঙ্গে। ছবির নাম ‘খলনায়ক’। ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। এটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার। প্রযোজনা করছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট। এ ছবি নিয়ে তমা মির্জা বলেন, ছবিটি সম্পর্কে বেশি কিছু বলতে চাই না। তবে এতটুকু বলবো, একেবারেই নতুন এক গল্পে ছবিটি নির্মাণ হচ্ছে। তাতে একটি চ্যালেঞ্জিং চরিত্রেই আমাকে পাওয়া যাবে। আমি এই ছবিটি নিয়ে দারুণ আশাবাদী। এদিকে, তমা মির্জা অভিনয়ের বাইরেও যুক্ত হয়েছেন একটি বেসরকারি ব্যাংকে; যেখানে এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে তিনি কর্মরত।
