চিত্রনায়ক শরিফুল রাজকে চুক্তি ও এক্সক্লুসিভিটি শর্ত লঙ্ঘন ভঙ্গের অভিযোগে আইনি নোটিশ পাঠিয়েছেন ‘ঠিকানা’ সিনেমার প্রযোজক ও রিয়েল এনার্জি প্রোডাকশনের স্বত্বাধিকারী মিসেস শাহরিন আক্তার। নোটিশে বলা হয়েছে, চুক্তির শর্ত ও শুটিংয়ের শিডিউল ঠিকভাবে পালন না করায় আর্থিক ক্ষতির মুখে পড়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। এ কারণে নোটিশ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে রাজকে সন্তোষজনক জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় আইনি ব্যবস্থা নেয়ার কথা জানানো হয়। এ বিষয়ে শরিফুল রাজ বলেন, কখনো টাকা, আবার কখনো শিডিউল নিয়ে অভিযোগ করা হচ্ছে।
প্রযোজক টাকা চাইলে দিতে রাজি আছেন। আর শিডিউল চাইলে সেটিও দেবেন। রাজের দাবি, তিনি সব সময় কাজের প্রতি দায়িত্বশীল ছিলেন। সিনেমার কাজ নিয়ে তার কোনো আপত্তি নেই। ঈদে ‘ঠিকানা’ সিনেমা মুক্তি এবং অন্য সিনেমায় কাজ করার বিষয়ে রাজ বলেন, তাদের চুক্তিতে অন্য কোনো সিনেমায় কাজ করা যাবে না- এমন শর্ত ছিল না। অভিনেতা
বলেন, আইনি নোটিশে সিনেমাটি ঈদের পর মুক্তির কথা বলা হয়েছে। তাই অন্য সিনেমায় কাজ করার বিষয়টি নিয়ে আপত্তির কারণ বুঝতে পারছেন না তিনি। রাজ আরও বলেন, চুক্তির ৪ (১১) নম্বর ধারা এবং আইনি নোটিশের দ্বিতীয় ধারায় সিনেমার মুক্তি ও শিডিউল নিয়ে কথা বলা হয়েছে। তবে মুক্তির নির্দিষ্ট তারিখ উল্লেখ নেই। এ বিষয়ে তিনিও আইনিভাবে জবাব দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
