সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত এলাকায় ভারতে পাচারের প্রলোভন দেখিয়ে এক নারীকে চারদিন ধরে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই নারী কক্সবাজার জেলার বাসিন্দা। অভিযোগে জানা গেছে, কয়েকদিন আগে একটি মানব পাচারকারী চক্র ভারতে অবৈধভাবে পার করে দেয়ার কথা বলে ওই নারী, তার স্বামী ও সন্তানকে কানাইঘাটের দনা সীমান্তে নিয়ে আসে। পরে স্বামী ও সন্তানের সামনে থেকেই জোরপূর্বক ওই নারীকে তুলে নিয়ে যায় চক্রটি। প্রথমে দনা চা-বাগান এলাকার একটি টিলায় এবং পরে ভারত সীমান্ত সংলগ্ন দনা খাসাড়ী পাড়া এলাকার বিভিন্ন স্থানে নিয়ে তাকে আটকে রাখা হয় এবং নির্যাতন করা হয়।
এ ঘটনায় অভিযুক্ত হিসেবে ৫ জনের নাম উঠে এসেছে। তারা হলো- রায়হান আহমদ, আব্দুল হান্নান, আবুল কালাম বাচ্চু, আব্দুস শহিদ ও সজীব আহমদ। এদিকে ঘটনাটি জানাজানি হলে এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ঘটনাটি শোনার পর পরই ঘটনাস্থলে আমাদের ফোর্স পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
