একটি সেতু বদলে দিয়েছে ৫০ গ্রামের ভাগ্য

একটি সেতু বদলে দিয়েছে ৫০ গ্রামের ভাগ্য

ফন্ট সাইজ:

ঢাকার ধামরাইয়ের মকিমপুর ধলেশ্বরী শাখা নদীর উপর নির্মিত সেতু ঘিরে পাল্টে গেছে এলাকার আর্থ-সামাজিক চিত্র। সেতুটি নির্মাণের ফলে ধামরাই, নাগরপুর, মির্জাপুর, দেলদুয়ার ও সাটুরিয়া উপজেলার অন্তত ৫০ গ্রামের মানুষের বহুদিনের যাতায়াত দুর্ভোগের অবসান হয়েছে। ঢাকা-ধামরাই-সাটুরিয়া-নাগরপুর-টাঙ্গাইল মহাসড়কের সঙ্গে সংযুক্ত হওয়ায় সারা দেশের সঙ্গে এসব এলাকার সরাসরি যোগাযোগ স্থাপন হয়েছে। ফলে কৃষক, জেলে, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের জীবনযাত্রায় এসেছে গতি ও স্বস্তি। ধামরাই এলজিইডি অফিস সূত্রে জানা যায়, পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সেতুটির নির্মাণ শুরু হয় ২০২৩ সালের ১১ই সেপ্টেম্বর।

মূল চুক্তি অনুযায়ী ২০২৫ সালের জানুয়ারির মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও পরে সময়সীমা বাড়ানোর কারণে ২০২৬ সালে কাজ শেষ হয়। এতে ব্যয় দাঁড়ায় প্রায় ১১ কোটি ৫৮ লাখ টাকা। স্থানীয় সুজন মিয়া জানান, সেতুটি নির্মাণের ফলে পাঁচটি উপজেলার প্রায় ৫০টি গ্রামের মানুষ অল্প সময়ে কম খরচে যাতায়াত করতে পারছেন। স্থানীয় চৌহাট ইউনিয়নের চেয়ারম্যান পারভীন হাসান প্রীতি বলেন, মকিমপুর সেতু না থাকায় বহু বছর আমরা যোগাযোগবঞ্চিত ছিলাম। এখন যেন স্বপ্নের বাস্তব রূপ দেখছি। ধামরাই উপজেলা প্রকৌশলী মিশুক কুমার দত্ত বলেন, যেকোনো এলাকায় সড়ক বা সেতু নির্মিত হলে মানুষের জীবনমান বদলে যায়। মকিমপুর সেতুর মাধ্যমে অন্তত ৫০টি গ্রামের মানুষ এখন উন্নত যোগাযোগ ব্যবস্থার সুফল পাচ্ছেন।