নোয়াখালী-৩ আসন থেকে ধানের শীষে প্রতীকে প্রার্থী বরকত উল্লাহ বুলু বলেছেন, জামায়াত মোনাফেকের দল, এদেরকে বয়কট করতে হবে। ৭১ সালে ৩০ লাখ মানুষকে হত্যা ও ২ লাখ মা-বোনের ইজ্জত হরণ করেছিল জামায়াত। এখন আবার তারা আমাদেরকে হত্যা করার হুমকি দেয়। এত সোজা না, এটা বাংলাদেশ। আপনাদের কাছে এদেশ জিম্মি হয়নি। গতকাল রাতে নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী রেলওয়ে ময়দানে নির্বাচনী শেষ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি। তিনি বলেন- জামায়াত ৪৭ সালে পাকিস্তানের বিরুদ্ধে, ৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল। তারা সব সময় জনগণের বিরুদ্ধে দাঁড়ায়। স্বাধীনতা যুদ্ধের সময় এদেশের মা-বোনদের সম্ভ্রমহানি করেছিল। তারা ফতুয়া দিয়েছিল, যুদ্ধের সময় মা-বোনরা নাকি গণিমতের মাল, ওই সময় এটা জায়েজ। জামায়াত চাঁদা দিলে এটা হাদিয়া, আর অন্যরা নিলে হয় চাঁদাবাজি। ২৪-এর জুলাই-আগস্ট বিপ্লবের পর তারা বসুন্ধরা গ্রুপসহ দেশের এমন কোনো শিল্প প্রতিষ্ঠান নাই সেখান থেকে তারা হাজার হাজার কোটি টাকা চাঁদা নিয়েছে। জামায়াত মোনাফেকের দল, তাই এদেরকে বয়কট করতে হবে। বেগমগঞ্জ উপজেলা সর্বস্তরের মানুষের ব্যানারে আয়োজনে উপজেলা বিএনপি আহ্বায়ক বাবু কামাখ্যা চন্দ্র দাসের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট আবদুর রহিম, জেলা বিএনপি’র আহ্বায়ক মাহাবুব আলমগীর আলো, বিএনপি’র সদস্য শামীমা বরকত লাকি, বেগমগঞ্জ উপজেলা বিএনপি’র সদস্য সচিব মাহফুজুল হক আবেদ, জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমনসহ নেতাকর্মীরা। এ সময় বুলু আরও বলেন, বাংলাদেশের সকল উন্নয়ন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে হয়েছে। তাদের অবদানে বাংলাদেশের কোটিরও বেশি মানুষ প্রবাসে চাকরিরত আছে। এই রেমিট্যান্সের কারণেও বাংলাদেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছে। পৃথিবীর ইতিহাসে সর্ববৃহৎ জানাজা ছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। তারপর ওই রেকর্ড ভঙ্গ করে সর্ববৃহৎ জানাজা হয়েছে বেগম খালেদা জিয়ার। কেয়ামতের আগ পর্যন্ত আর কারও ভাগ্যে এত বড় জানাজা হবে কিনা সন্দেহ রয়েছে। তিনি বলেন, বিএনপি এমন একটি দল, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র ও দেশের মানুষ বিএনপি ও তারেক রহমানের কাছে নিরাপদ। তাই আগামী ১২ই ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে বিএনপিকে এদেশের ক্ষমতায় অধিষ্ঠিত করার আহ্বান জানান তিনি।
জামায়াত ’৭১ সালে স্বাধীনতার বিরুদ্ধে ছিল, এদের বয়কট করতে হবে: বুলু
স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে
১১ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
