সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিওতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান আমার দেশ পত্রিকার একটি কপি ছিঁড়ে ফেলেন। এ প্রসঙ্গে বিবৃতি দিয়েছে সম্পাদক পরিষদ। রোববার সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীর ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ স্বাক্ষরিত এ বিবৃতি দেয়া হয়।
সম্পাদক পরিষদ বলছে, মতপার্থক্য প্রকাশে দায়িত্বশীলতা- শ্রদ্ধা বজায় রাখা জরুরি। এতে বলা হয়, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানকে শনিবার তার ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে দৈনিক আমার দেশ পত্রিকার একটি কপি ছিঁড়ে ফেলতে দেখা যায়। সম্পাদক পরিষদ মনে করে, সংবাদ বা সম্পাদকীয় বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করা গণতান্ত্রিক অধিকার। তবে মতপার্থক্য প্রকাশে দায়িত্বশীলতা, শালীনতা ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখা জরুরি।
বিবৃতিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী এবং সচিব পদমর্যাদায় অধিষ্ঠিত ব্যক্তি হিসেবে তার বক্তব্য ও আচরণে সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়া প্রত্যাশিত। একই সঙ্গে সাংবাদিকতার পেশাগত মান, বস্তুনিষ্ঠতা, নৈতিকতা ও জবাবদিহি নিশ্চিত করাও জরুরি।
উসকানিমূলক বক্তব্য, হুমকি ও হয়রানি থেকে বিরত থাকতে এবং গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা সমুন্নত রাখতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানায় সম্পাদক পরিষদ।
