বৃটেনের নৌ ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ইরানের

বৃটেনের নৌ ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ইরানের

ফন্ট সাইজ:

ইরান বৃটেনের এমআই সিক্স গোয়েন্দা সংস্থাকে ‘বৈরী গোষ্ঠী’ হিসেবে চিহ্নিত করেছে। একইসঙ্গে রয়্যাল নেভি এবং রয়্যাল এয়ার ফোর্সকেও ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করেছে দেশটি। লন্ডনের ‘বৈরী’ পদক্ষেপের প্রতিশোধ হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ইরান জানায়। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইরানের ওপর মার্কিন-ইসরাইল যুদ্ধে বৃটেনের অংশগ্রহণ এবং স্টেট থ্রেটস অ্যাক্ট ২০২৬-এর অধীনে ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড করপসকে (আইআরজিসি) তালিকাভুক্ত করার কারণে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, গত এক বছরে বৃটেনের বিভিন্ন পদক্ষেপের জবাবে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের এক প্রস্তাবের অধীনে এই ব্যবস্থা নেয়া হয়েছে। একইসঙ্গে নিজেদের জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় তেহরানের দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করা হয়েছে।

গত জুলাই মাসে নতুন আইনের অধীনে আইআরজিসি-কে তালিকাভুক্ত করে বৃটেন। জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত বিদেশি রাষ্ট্রীয় সংস্থাগুলোকে এই আইনের অধীনে তালিকাভুক্ত করা যায়। বর্তমানে বৃটেনে কেউ আইআরজিসি-কে সমর্থন বা সহায়তা করলে তাকে ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড ভোগ করতে হবে।