রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রম ও বিডিআর হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হাফিজকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি মিন্টু রোডের ডিবি কার্যালয়ে আছেন।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ- পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বলেন, শনিবার রাতে বনানী থেকে হাফিজকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী তৎপরতা চালানোর অভিযোগে মামলা হতে পারে।
উল্লেখ্য, নবম সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালের ৬ সেপ্টেম্বর আওয়ামী লীগের তৎকালীন ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের হাতে ফুল দিয়ে দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন হাফিজসহ সামরিক বাহিনীর সাবেক কয়েকজন কর্মকর্তা।
