শেষ মুহূর্তের মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় প্রার্থী-সমর্থকরা

ফরিদপুর ৪

শেষ মুহূর্তের মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় প্রার্থী-সমর্থকরা

ফন্ট সাইজ:

রাত পোহালেই দেশব্যাপী অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে প্রার্থী ও সমর্থকদের মধ্যে বিরাজ করছে টানটান উত্তেজনা। প্রার্থী ও সমর্থকদের মাঝে বইছে টান টান উত্তেজনা। গুনছেন অপেক্ষার প্রহর। অপেক্ষায় আছেন শুভ মাহেন্দ্রক্ষণের। মঙ্গলবার থেকে শেষ হয়েছে সকল প্রকার নির্বাচনের প্রচার-প্রচারণা। ফরিদপুর-৪ আসনের (সদরপুর-চরভদ্রাসন-ভাঙ্গা) সদরপুর উপজেলায় শেষ মুহূর্তে চলছে নির্বাচনের হিসাব-নিকাশ। শেষ পর্যন্ত কে হবেন বিজয়ী, কে পরবেন বিজয়ের মালা। এই নিয়ে চলছে ব্যাপক জল্পনা-কল্পনা। প্রার্থী সমর্থকরা আটঘাট বেঁধে ভোটারদের দ্বারে দ্বারে। অন্যদিকে সাধারণ ভোটারদের মাঝে রয়েছে উদ্বেগ-উৎকণ্ঠা। তাদের প্রত্যাশা অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন। এই আসনে মোট আটজন প্রার্থী থাকলেও মূলত ভোটের মাঠে তিনজন প্রার্থীই মাঠে ময়দানে চষে বেড়াচ্ছেন। বিএনপি’র প্রার্থী শহিদুল ইসলাম বাবুল, জামায়াত ইসলামীর প্রার্থী সরোয়ার হোসাইন ও স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ। তাই শেষ মুহূর্তে গোপনে ভোটারদের মন জয়ে মরিয়া প্রার্থী ও সমর্থকরা। সদরপুর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, চায়ের দোকানে, হাটে বাজারে, গ্রামে গঞ্জে, ভোটের প্রচারণা শেষে চলছে হিসাবনিকাশ। আলোচনা চলছে। প্রার্থীর সমর্থকরা হ্যান্ডবিল নিয়ে গ্রামে গ্রামে ঘুরছেন। কেউ এককভাবে কেউ আবার দলবদ্ধভাবে ঘুরে ভোট প্রার্থনা করছেন। পুরুষ সমর্থকের পাশাপাশি ব্যাপক নারী সমর্থকদেরও ভোটের প্রচারে দেখা গেছে। তারা বাড়ি বাড়ি গিয়ে মা-বোনদের কাছে তাদের পছন্দের প্রার্থীর জন্য ভোট প্রার্থনা করছেন কৌশলে। স্থানীয় ভোটাররা বলছেন তারা ভোটের দিন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে চান। তারা আরও বলেন- জয়-পরাজয় যেই হোক কিন্তু এলাকার শান্তি শৃঙ্খলা বজায় থাকুক এমনটাই প্রত্যাশা সাধারণ ভোটারদের। এক নারী ভোটার বলেন, আমরা চাই শান্তি। শান্তিতে যেন ভোট দিতে পারি। আল্লাহ যার কপালে পাস লিখছে সেই পাস করবে কিন্তু ফ্যাসাদ আমরা চাই না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ইতিমধ্যেই ভোট কেন্দ্রের নিরাপত্তা ও ভোটারদের নির্বিঘ্নে ভোট দেয়ার জন্য টহল জোরদার করেছেন। ফরিদপুর-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৪, ৯০, ৯৯১ জন। এর মধ্যে সদরপুর উপজেলায় এবারে মোট ভোটার ১,৭৬,২৬২ জন। মোট ভোট কেন্দ্র ১৮৯টি তারমধ্যে সদরপুর উপজেলায় কেন্দ্র রয়েছে ৬৮টি। শেষ পর্যন্ত যার ভাগ্যে বিজয় লেখা আছে তিনিই হবেন বিজয়ী। তবে সাধারণ ভোটাররা যাতে করে পছন্দের প্রার্থীকে নির্ভয়ে ভোট দিতে পারেন এমনটাই প্রত্যাশা সদরপুর উপজেলার ভোটারদের।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন