রাজধানীতে ৫ই নভেম্বর শুরু হচ্ছে ‘বারভিডা কার এক্সপো’

ফন্ট সাইজ:

বাংলাদেশে জাপানি গাড়ির ৫০ বছরের গৌরবময় যাত্রা উদ্‌যাপন এবং রিকন্ডিশন্ড গাড়ির বাজারকে আরও গতিশীল করতে আগামী ৫ই নভেম্বর শুরু হচ্ছে তিনদিনব্যাপী ‘বারভিডা কার এক্সপো ২০২৬’। রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এই প্রদর্শনী চলবে ৭ই নভেম্বর পর্যন্ত।
শনিবার নিজস্ব কার্যালয়ে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স এসোসিয়েশন (বারভিডা) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। বারভিডা এই প্রদর্শনীর আয়োজন করছে। সংবাদ সম্মেলনে এক্সপোর সার্বিক বিষয় তুলে ধরেন সংগঠনটির মহাসচিব রিয়াজ রহমান। এ সময় উপস্থিত ছিলেন বারভিডা’র ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম সহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এক্সপোতে জাপানের জনপ্রিয় বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের রিকন্ডিশন্ড গাড়ি প্রদর্শন করা হবে। একই ছাদের নিচে বিভিন্ন প্রতিষ্ঠানের গাড়ি দেখার পাশাপাশি মডেল, বৈশিষ্ট্য, প্রযুক্তি ও দাম তুলনা করার সুযোগ পাবেন দর্শনার্থীরা। এক্সপো প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। দর্শনার্থীদের এক্সপো প্রবেশ করতে কোনো ফি দিতে হবে না। রিয়াজ রহমান বলেন, এক্সপোতে টয়োটা প্রিয়াস, করোলা ক্রস, হ্যারিয়ার, নোয়া, ভক্সি ও আলফার্ডসহ জাপানের জনপ্রিয় বিভিন্ন মডেলের গাড়ি প্রদর্শিত হবে। এর মাধ্যমে ক্রেতারা নিজেদের বাজেট ও পছন্দ অনুযায়ী গাড়ি বাছাই এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রস্তাবিত দাম যাচাই করতে পারবেন। তিনি বলেন, আয়োজনের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে বাংলাদেশে জাপানি গাড়ির ৫০ বছরের পথচলা নিয়ে বিশেষ ঐতিহাসিক প্রদর্শনী। এতে দেশে জাপানি গাড়ির আগমন, বিভিন্ন প্রজন্মের জনপ্রিয় মডেল, অটোমোবাইল প্রযুক্তির বিবর্তন এবং দেশের পরিবহন খাতে জাপানি গাড়ির অবদান তুলে ধরা হবে। পুরনো দিনের গাড়ির ছবি থেকে শুরু করে আধুনিক হাইব্রিড ও উন্নত প্রযুক্তির গাড়ির বিবর্তনও স্থান পাবে এ প্রদর্শনীতে।

রিয়াজ রহমান জানান, এ এক্সপোর অন্যতম উদ্দেশ্য হলো জাপানি রিকন্ডিশন্ড গাড়ির বাজারকে আরও জনপ্রিয় ও গতিশীল করা, ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানো এবং গাড়ির গুণগত মান, নির্ভরযোগ্যতা ও আধুনিক প্রযুক্তি সম্পর্কে জনসচেতনতা তৈরি করা। প্রদর্শনীতে গাড়িপ্রেমী, সম্ভাব্য ক্রেতা, ব্যবসায়ী, পেশাজীবী, পরিবার, গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের মানুষকে আমন্ত্রণ জানিয়েছে আয়োজক সংগঠনটি।