বিভিন্ন খাতের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠন করা হবে আজ রোববার। শনিবার মালিক, শ্রমিক ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে বৈঠক শেষে এ কথা জানান শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
তিনি বলেন, ‘শ্রমিক সংগঠনের বিশেষ করে গার্মেন্ট শ্রমিকের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে দীর্ঘ চার ঘণ্টা আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা ঘোষণা দিয়েছি, আজ রোববার আমরা মজুরি বোর্ড গঠন করবো। কাজেই মজুরি বোর্ড যেহেতু আগামীকাল ঘোষণা করবে। এর পর আমরা গেজেট আকারে প্রকাশ করবো; তারপরে আর তো কোনো আন্দোলন থাকার কথা না।’
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছেন পোশাক শ্রমিকেরা।
মন্ত্রী আরিফ বলেন, ‘দেখা যায় বাইরে থেকে সংঘবদ্ধ দল শ্রমিকদের উত্তেজিত করছে। আপনারাও জানেন, আমরাও জানি যে এরা কারা। এরা শ্রমিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত কিনা, শ্রমিকদের দাবির প্রতি তাদের কোনো অঙ্গীকার আছে কিনা?’
পোশাক খাত নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চলছে অভিযোগ করে তিনি বলেন, ‘এ নিয়ে জাতি হিসেবে আমাদের সবার একটু চিন্তা ভাবনা করা প্রয়োজন রয়েছে।’
মন্ত্রী বলেন, ‘যেহেতু মজুরি বোর্ড গঠন করবো রোববার, কালকে; আজকে তো শনিবার বন্ধ। তারপরে আর শ্রমিকদের অসন্তোষ হওয়ার কোনো কারণ নাই। আমি আশা করবো, শ্রমিকেরা তাদের কলকারখানায় ফিরে যাবেন।’
