গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪১৯ জন মারা গেছেন। এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৬৩৩ জন রোগী। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন করে ঢাকা মহানগরে ৩৮৫ এবং ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ২১৯ জন রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৮১, খুলনা বিভাগে ২২৮, রাজশাহী বিভাগে ১৪৯, বরিশাল বিভাগে ২৩৪, ময়মনসিংহ বিভাগে ৭০ ও রংপুর বিভাগে ৬৭ জন রোগী ভর্তি করা হয়েছে। চলতি বছর সারা দেশে মোট ভর্তি রোগীর সংখ্যা পৌঁছেছে ১ লাখ ৩৫ হাজার জনে। তাদের মধ্যে ১ লাখ ২৮ হাজার ৩৩৫ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৬ হাজার ২৩৬ জন। এর মধ্যে ঢাকা মহানগরেই ভর্তি আছেন ১ হাজার ৫১৮ জন। তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ডেঙ্গুতে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দু’জন করে, মার্চ ও এপ্রিলে শূন্য, মে মাসে এক ও জুনে ১৩ জন প্রাণ হারান। এরপর পরিস্থিতির অবনতি হতে থাকে। জুলাইয়ে ৩৬ ও আগস্টে ৪৩ জন মারা যান।
সেপ্টেম্বরে দেশে ডেঙ্গুর অবস্থার আরও অবনতি ঘটে। প্রাণহানি হয় ১৪৮ জনের।
তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১লা জানুয়ারি থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গু আক্রান্ত হন। এ সময়ে ডেঙ্গুতে ৪১৩ জনের মৃত্যু হয়। ২০২৪ সালের ১লা জানুয়ারি থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ১ লাখ ১ হাজার ২১৪ জন ডেঙ্গু আক্রান্ত হন। এ সময়ে ডেঙ্গুতে ৫৭৫ জনের মৃত্যু হয়। ২০২৩ সালের ১লা জানুয়ারি থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। একইসময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট ১ লাখ ২১ হাজার ১৭৯ জন।
