ডিসেম্বরের প্রথম সপ্তাহে সিঙ্গাপুরের বিপক্ষে দু’টি ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। ম্যাচ দু’টিকে সামনে রেখে প্রস্তুতি ক্যাম্প করতে চট্টগ্রামে গেছে দল। তবে দলের সঙ্গে যেতে পারেননি প্রধান কোচ পিটার বাটলার। শারীরিক অসুস্থতার কারণে বৃহস্পতিবার মধ্যরাতে ইংল্যান্ডে ফিরে গেছেন এই বৃটিশ কোচ। বাফুফের একটি সূত্র জানিয়েছে, বাটলারের শরীরে টিউমার ধরা পড়েছে। চিকিৎসার জন্য শুরুতে ইংল্যান্ডে যেতে না চাইলেও স্ত্রীর অনুরোধে শেষ পর্যন্ত রাজি হন তিনি। তার অবর্তমানে চট্টগ্রামে দলকে অনুশীলন করাবেন আবুল হোসেন। চিকিৎসা শেষে কবে বাংলাদেশে ফিরবেন বাটলার, তা নির্ভর করছে তার শারীরিক অবস্থার ওপর। বাফুফের সঙ্গে তার চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বর পর্যন্ত। অর্থাৎ চুক্তির বাকি সময় মাত্র দুই মাস। এই সময়ের মধ্যে ঋতুপর্ণা-সাগরিকাদের কোচকে আবার ডাগআউটে দেখা যাবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। চট্টগ্রামে আবাসিক ক্যাম্পে সিনিয়রদের পাশাপাশি বেশ কয়েকজন জুনিয়র ফুটবলারকেও রাখা হয়েছে। আপাতত বাটলারের সহকারী কোচ আবুল হোসেনই পরিচালনা করবেন ক্যাম্প। তবে বাটলার সুস্থ হয়ে না ফিরলে ডিসেম্বরে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দুটিতে বাংলাদেশের ডাগআউটে কে থাকবেন, সেই প্রশ্নও সামনে এসেছে। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত লাইবেরিয়া জাতীয় দলের কোচ ছিলেন বাটলার। ২০২৩-২৪ মৌসুমে দায়িত্ব নেন বাফুফের এলিট একাডেমির। ২০২৪ সাল থেকে আছেন নারী জাতীয় দলের দায়িত্বে। তাঁর অধীনেই ২০২৪ সালে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে বাংলাদেশ। তবে সেই সাফল্যের পরও দলের ভেতরে তৈরি হয়েছিল বড় সংকট। কোচের সঙ্গে বিরোধে অধিনায়ক সাবিনা খাতুনসহ ১৮ জন সিনিয়র ফুটবলার বিদ্রোহ করে দল থেকে সরে দাঁড়িয়েছিলেন। সিনিয়রদের অনুপস্থিতিতে একের পর এক প্রতিযোগিতায় পথ হারিয়েছে বাংলাদেশ। এশিয়ান কাপ, সাফ চ্যাম্পিয়নশিপ থেকে শুরু করে সর্বশেষ এশিয়ান গেমস- কোথাও প্রত্যাশিত ফুটবল খেলতে পারেনি মেয়েরা। এমন হতাশাজনক পারফরম্যান্সের পরও বাটলারের ওপর আস্থা রেখেছে বাফুফে।
বাটলারকে ছাড়াই চট্টগ্রামে শুরু মেয়েদের অনুশীলন
স্পোর্টস রিপোর্টার
১ নভেম্বর (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
