এশিয়ান উইমেন্স চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে পর্তুগিজ কোচ ফার্নান্দো মিগুয়েল ডি অলিভেইরা নুনেসকে নিয়োগ দেয় বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন। আজ থেকে শুরু হতে যাওয়া নারী হ্যান্ডবল দলের ক্যাম্পে তার উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু নুনেস ঢাকায় এসে পৌঁছাননি। ফেডারেশন সূত্রে জানা গেছে, ৮ই নভেম্বর কোচের দায়িত্ব গ্রহণ করবেন তিনি। নুনেসের অনুপস্থিতিতে পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে প্রাথমিক স্কোয়াডে থাকা ২৪ নারী হ্যান্ডবল খেলোয়াড় ক্যাম্পে রিপোর্ট করবেন। এই আবাসিক ক্যাম্প চলবে আগামী ২১শে নভেম্বর পর্যন্ত। আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েদের নিয়মিত অংশগ্রহণ দেখা যায় না। শেষ ২৬ বছরে মাত্র চারটি আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছে তারা। সম্প্রতি ঘরের মাঠে চার দেশের অংশগ্রহনে আইএইচএফ টুর্নামেন্ট খেলেছেন মেয়েরা। যেখানে রানার্সআপ হয় বাংলাদেশ। সেই দল প্রথমবারের মতো এশিয়ান উইমেন্স হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে খেলবে। ২৩শে নভেম্বর থেকে ৩রা ডিসেম্বর কাজাখস্তানের আলমাটিতে হবে টুর্নামেন্টের ২৩তম আসর। ওই টুর্নামেন্টকে সামনে রেখে মেয়েদের জন্য ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন। এশিয়ান উইমেন্স হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে এবার ১১টি দল অংশ নেবে। টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে খেলবে বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ জাপান, ইরান, চায়না ও হংকং চায়না। ‘বি’ গ্রুপে রয়েছে কোরিয়া, ভারত, অস্ট্রেলিয়া, উজবেকিস্তান এবং স্বাগতিক কাজাখস্তান। এশিয়ান উইমেন্স হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপের সবচেয়ে সফল দল দক্ষিণ কোরিয়া। ১৬ স্বর্ণ, তিন রৌপ্য ও এক ব্রোঞ্জ নিয়ে পদক তালিকার শীর্ষে তারা। দুইয়ে থাকা জাপান দুই স্বর্ণসহ মোট ১৭টি পদক জিতেছে।
হ্যান্ডবলে নতুন কোচকে ছাড়া ক্যাম্প শুরু
স্পোর্টস রিপোর্টার
১ নভেম্বর (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
