যুব দল নিয়েই সাফে আসছে ভারত

ফন্ট সাইজ:

নিউজিল্যান্ডের বিপক্ষে দু’টি ফিফা প্রীতি ম্যাচকে গুরুত্ব দিতে গিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। শেষ পর্যন্ত সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে টুর্নামেন্টে খেলার ঘোষণা দিয়েছে দক্ষিণ এশিয়ার ফুটবলের সফলতম দলটি। তবে সাফে শিরোপা ধরে রাখার মিশনে পূর্ণশক্তির দল পাঠাচ্ছে না তারা। মূল দলের পরিবর্তে তরুণদের প্রাধান্য দিয়ে ২৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। আগামী ১১ ও ১৫ই নভেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে ভারত। ওই দুই ম্যাচের প্রস্তুতির কথা বিবেচনায় রেখেই সাফের দলে জাতীয় দলের নিয়মিত অনেক ফুটবলারকে রাখা হয়নি। ঘোষিত স্কোয়াডে অভিজ্ঞদের মধ্যে রয়েছেন লিস্টন কোলাসো ও ব্রিসন ফার্নান্দেজ। বাকিদের অধিকাংশই বয়সভিত্তিক দলের খেলোয়াড়। সাফে ভারতের ডাগআউটেও থাকছে পরিবর্তন। জাতীয় দলের কোচের পরিবর্তে দলটির দায়িত্ব পালন করবেন
অনূর্ধ্ব-২৩ দলের কোচ নওশাদ মুসা। তাঁর সহকারী হিসেবে থাকবেন বিবিয়ানো ফার্নান্দেজ। সমপ্রতি আজারবাইজানে অনুষ্ঠিত ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যাল ২০২৬-এ ভারতের কোচের দায়িত্বে ছিলেন তিনি।
আগামী ৫ নভেম্বর ঢাকায় শুরু হবে দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ আসর সাফ চ্যাম্পিয়নশিপ। রেকর্ড নয়বারের চ্যাম্পিয়ন ভারত এবারও শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে আসছে। উদ্বোধনী দিনেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে তারা। ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ১১ই নভেম্বর মালদ্বীপের মুখোমুখি হবে ভারত। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ঘোষিত দলের ১৮ জন খেলোয়াড় ৩রা নভেম্বর কলকাতা থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন। বাকি ১০ জন পরবর্তী সময়ে দলের সঙ্গে যোগ দেবেন।
ভারত দল : গোলরক্ষক: আরশ আনোয়ার শেখ, কে মোহনরাজ, প্রিয়াংশ দুবে। ডিফেন্ডার: আব্দুল রাবিহ, বিজয় ভার্ঘেস, চিঙ্গলেনসানা সিং কনশাম, হমিংথানমাভি রালতে, খায়মিনথাং লুংডিম, মুহাম্মদ উবাইস, নাথান রদ্রিগেজ, রন্নি খারবুডন, সন্দীপ মান্ডি। মিডফিল্ডার: অভিষেক সুর্যবংশী, এডিসন সিং থোকচোম, ব্রিসন ফার্নান্দেজ, এবিনদাস ইয়েসুদাসন, ফারুক চৌধুরি, ম্যাকার্টন নিকসন, মাংলেনথাং কিপগেন, নিখিল প্রভু, পিএন নওফাল, রিকি জন শাবং, সুরেশ সিং ওয়াংজাম। ফরোয়ার্ড: ইরফান ইয়াদাভ, লিস্টন কোলাসো, মুহাম্মদ সুহাইল, বিষ্ণু পিভি, সুহাইল আহমেদ ভাট।