ওমানে অনুষ্ঠেয় ১৩তম এসিসি পুরুষ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল ঘোষিত এই স্কোয়াডে যুবা দলের নেতৃত্বভার তুলে দেয়া হয়েছে ফরিদ হাসান ফয়সালের কাঁধে। আর সহ-অধিনায়কের (ডেপুটি) দায়িত্ব পালন করবেন আহসান আল মুমিন। আগামী ৫ই নভেম্বর মহাদেশীয় যুব ক্রিকেটের এই জমজমাট আসরের পর্দা উঠবে। উদ্বোধনী দিনে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবেন ফরিদ-মুমিনরা। গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও মালয়েশিয়া। যথাক্রমে আগামী ৭ ও ৯ই নভেম্বর মাঠে গড়াবে এই দুটি ম্যাচ। বাংলাদেশের গ্রুপ পর্বের সব ম্যাচ অনুষ্ঠিত হবে ওমান ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে। ১২ই নভেম্বর দুই সেমিফাইনাল ও ১৪ই নভেম্বর হবে টুর্নামেন্টের ফাইনাল। এবারের টুর্নামেন্টে দুই গ্রুপে ভাগ হয়ে আটটি দল অংশ নেবে। অনূর্ধ্ব-১৯ পুরুষ এশিয়া কাপে সবচেয়ে বেশি সাত বারের চ্যাম্পিয়ন ভারত। দুইবার এ শিরোপা জেতে বাংলাদেশ। পাকিস্তান ও আফগানিস্তান জিতেছে একবার করে। তবে ২০১২ আসরে ভারত ও পাকিস্তান যৌথভাবে চ্যাম্পিয়ন হয়।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ফরিদ হাসান ফয়সাল (অধিনায়ক), আহসান আল মুমিন (সহ-অধিনায়ক), আবদুল্লাহ আল মুহি, ফারহান সাদিক, কাউসার আহমেদ, তাফিউল আলম তামিম, শাকিল খান, রকিবুল হাসান, শেখ জারিফ সিয়াম, আল আমিন হোসেন রনি, আল রফি, রবিউল হাসান অনিক, শেখ আতিকুর রহমান আকাশ, আল আমিন হোসেন এবং রুবায় ইসলাম রিজন।
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের নেতৃত্বে ফরিদ
স্পোর্টস রিপোর্টার
১ নভেম্বর (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
