আপনাদের নিজ নামে জমির এসএ, সিএস রেকর্ড থাকা সত্ত্বেও স্বৈরাচার সরকারের সাবেক সংসদ সদস্য (এমপি) তালুকদার মোহাম্মদ মুরাদ জং সাহেব ‘বিআরএস’ রেকর্ড করে দেয়নি। আমরা ট্রাকে করে কয়েক শ’ লোক তার বাড়িতে গিয়েছিলাম। তখন তিনি বলেছিলেন, এই জমি আপনাদের নামে লিজ এনে দিবো। আমরা কেন আমাদের পৈতৃক সম্পত্তি সরকারের কাছ থেকে লিজ নেবো! আপনারা বিএনপি নেতা ডা. দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিন বাবু ভাইকে ধানের শিষে ভোট দিয়ে জয়যুক্ত করুন। বিএনপি ক্ষমতায় আসলে এই জমি আপনাদের নামে বিআরএস রেকর্ড করে দিবে। গত রোববার বিকালে আশুলিয়ার আউকপাড়া এলাকায় ঢাকা-১৯ আসনে বিএনপি প্রার্থীর ধানের শীষের উঠান বৈঠকে সাভার থানা বিএনপি’র সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা এসব কথা বলেন। এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন (বাবু), তাইজুল ইসলাম, মোশারফ হোসেনসহ অন্য নেতাকর্মীরা। এ বিষয়ে জানতে চাইলে সাভার থানা বিএনপি’র সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, বাবু সংসদ সদস্য নির্বাচিত হলে সংসদে বিষয়টি প্রস্তাবনা করবেন। এরপর সংশোধনীর মাধ্যমে ‘কোর্ট অব ওয়ার্ডস’ রের্কডভুক্ত জমিগুলো প্রকৃত দখলদারদের নামে বিআরএস করে দেয়া হবে। তবে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব মানবজমিনকে বলেন- কোর্ট অব ওয়ার্ডস’ রের্কডভুক্ত জমি কার নামে রেকর্ড হবে আর কার নামে হবে না তা সংশ্লিষ্ট আইন অনুযায়ী সিদ্ধান্ত হবে। এখানে মেম্বার অফ পার্লামেন্টদের (এমপি) কথা বলার এখতিয়ার নেই। এটি কোনো সংসদ সদস্যের কাজ নয়। ফলে এই জমি কার নামে রেকর্ড হবে তা আইনগতভাবে এমপি’র এখতিয়ারবহির্ভূত। উত্তর কলমা এলাকার এক স্কুলশিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ভোট নিজেদের বাক্সে বাগিয়ে নিতে সাধারণ মানুষের সঙ্গে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে থাকে। ‘কোর্ট অব ওয়ার্ডস’-এর জায়গা রেকর্ড করে দেয়ার প্রতিশ্রুতিও মিথ্যা। এতে সাধারণ মানুষও বিভ্রান্ত হয়। সহজ সরল এই মানুষগুলো পরবর্তীতে এদের কথা কখনো বিশ্বাস করবে না। এজন্য নেতাকর্মীদের নির্বাচনী প্রচারণায় শব্দ চয়ন ও প্রতিশ্রুতির বিষয়ে আরও সতর্ক হতে হবে। গত বুধবার বিকালে উঠান বৈঠকে একই ধরনের মন্তব্য করেছেন গোলাম মোস্তফার সহোদর ও যুবদল নেতা শহীদুল ইসলামও। তিনি বলেন, সাভার সদর ইউনিয়নের কলমা মৌজাসহ অন্তত ১৩টি মৌজায় ‘কোর্ট অব ওয়ার্ডস’-এর কয়েকশ’ একর জমি রয়েছে। তৎকালীন আ.লীগের সংসদ সদস্য মুরাদ জং বিআরএস রেকর্ডে জটিলতা করেছেন। আমি আমার নেতা (সালাউদ্দিন)কে এ বিষয়ে অবহিত করেছি। এই উত্তর কলমার জমির জটিলতা এবং তরল বর্জ্য নিষ্কাশনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের বিএনপি প্রার্থী দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন তার সহধর্মিণী সাবিনা সিদ্দিকা সালাউদ্দিন। এ বিষয়ে আ.লীগের সাবেক সংসদ সদস্য তালুকদার তৌহিদ জং মুরাদ মানবজমিনকে বলেন, মিথ্যা আর ভুল প্রতিশ্রুতি আমি কাউকে দেইনি, দিবো না। ‘কোর্ট অব ওয়ার্ডস’-এর জায়গা কারও নামে রেকর্ড করে দেয়ার এখতিয়ার আমার নেই বা ছিল না। তাই জমি দখলদারদের নামে লিজ এনে দেয়ার কথা বলেছিলাম।
‘ক্ষমতায় আসলে ‘সরকারি জমি’ আপনাদের নামে রেকর্ড করে দেয়া হবে’
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
