হংকং সিক্সেস টুর্নামেন্টের প্রথম দিনে বড় স্কোর করে স্কটল্যান্ডের কাছে হার দেখে বাংলাদেশ। এরপর শ্রীলঙ্কার বিপক্ষেও হার। সেমিফাইনালের লড়াইয়েও আক্ষেপ বাংলাদেশের। এক ওভারে ছয় ছক্কা হাঁকানোর পর স্কোরবোর্ডে ছয় ওভারে ১২৯ রান তোলেন হাবিবুর রহমান সোহান-মৃত্যুঞ্জয় চৌধুরীরা। লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকিয়ে জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।
গতকাল প্রথমে ব্যাট করতে নেমে প্রোটিয়া বোলারদের ওপর চড়াও হন ওপেনার হাবিবুর রহমান সোহান। সাব্বির রহমান (৭) দ্রুত ফিরলেও সোহান অন্যপ্রান্তে ঝড় তোলেন। মাত্র ১৩ বলে দুটি চার ও সাতটি ছক্কায় ৫৪ রানের ইনিংস খেলেন তিনি। ইনিংসের চতুর্থ ওভারে বোলার ব্ল্যাক সিম্পসনের শেষ দুই বলে দুটি ছক্কা হাঁকিয়ে নিয়ম অনুযায়ী অবসরে যান সোহান। এরপর উইকেটে নেমে বাকি চার বলে টানা চার ছক্কা মারেন মৃত্যুঞ্জয় চৌধুরী। এমনকি পরের ওভারের প্রথম বলেও ছক্কা হাঁকান অধিনায়ক আবু হায়দার রনি। সব মিলিয়ে টানা সাত বলে সাতটি ছক্কা হাঁকায় বাংলাদেশ। অধিনায়ক রনির অপরাজিত ২৮ (১০ বল) ও মৃত্যুঞ্জয়ের ২৬ রানের সুবাদে ১২৯ রানের সংগ্রহ পায় টাইগাররা। লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার জয়ের নায়ক জরিচ ভন স্কালকুইক। দুই দফায় সুযোগ পেয়ে তিনি ২০ বলে অপরাজিত ৭৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। আর আয়াবুলেলা গামানে করেন ৭ বলে ৩০ রান। ম্যাচের শেষ বলে প্রোটিয়াদের জয়ের জন্য প্রয়োজন ছিল ৫ রান। সেই শেষ বলেই লং অনের ওপর দিয়ে ছক্কা হাঁকিয়ে দক্ষিণ আফ্রিকার জয় ও ফাইনাল নিশ্চিত করেন ভন স্কালকুইক।
হংকং সিক্সেস
এক ওভারে ছয় ছক্কা হাঁকানোর পর হার বাংলাদেশ
স্পোর্টস রিপোর্টার
১ নভেম্বর (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
