ফেনী-৩ আসনে শতভাগ জয়ের আশাবাদ মিন্টুর

ফেনী-৩ আসনে শতভাগ জয়ের আশাবাদ মিন্টুর

ফন্ট সাইজ:

ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনটি ২টি উপজেলা নিয়ে গঠিত। তার মধ্যে দাগনভূঞা উপজেলা ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এবং সোনাগাজী উপজেলায় ও ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা মিলে মোট ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯২ হাজার ১শ’ ৫৪ জন। তার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৮ হাজার ৫শ’ ৯৫ জন, এবং মহিলা ভোটার ২ লাখ ৪৩ হাজার ৫৫৭ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ২ জনসহ প্রবাসী বা পোস্টাল ভোটার ১৬ হাজার ৩৮ জন। এ আসনে এবার বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান দলটির মনোনয়ন দিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শিল্পপতি আবদুল আউয়াল মিন্টুকে। বৃহত্তর নোয়াখালী বিএনপি অধ্যুষিত এরিয়া হওয়ায় তার মধ্যে (দাগনভূঞা-সোনাগাজী) আসনটি বিএনপি’র দুর্গ হিসেবে পরিচিত। প্রায় দীর্ঘ ১৭ বছর পর আসনটি পুনরুদ্ধারের জন্য ভোটারদের দ্বারে দ্বারে রাত-দিন প্রচার প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন মিন্টু। এদিকে তার পক্ষে মহিলা ভোটারদের উদ্বুদ্ধ করতে তার সহধর্মিণী নাসরিন আউয়াল মিন্টু ও তরুণ ভোটারদের কাছে নানা কৌশলে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের আশ্বাস দিয়ে প্রচার প্রচারণা চালাচ্ছেন মিন্টুর পুত্র বাফুফে’র সভাপতি তাবিথ আউয়ালসহ তার অন্য ছেলেরা। অন্যদিকে মিন্টুর ছোট ভাই আকবর হোসেন দাগনভূঞা উপজেলা বিএনপি সভাপতি হিসেবে এবং দীর্ঘদিন দাগনভূঞা পৌরসভার মেয়রের দায়িত্বে থাকার কারণে ভোটারদের মাঝে যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। ভোটাররা বলছেনÑআসনটি উপকূলীয় অঞ্চল হওয়ায় নানা সূচকে অনেক অবহেলিত ও বঞ্চিত রয়েছে। তাই যার মাধ্যমে এ অঞ্চলের প্রকৃত উন্নয়ন ঘটবে তাকেই জনপ্রতিনিধি হিসেবে আগামী নির্বাচনে ভোট প্রদান করবেন বলে জানান। অনেকেই মনে করেন মিন্টু নির্বাচিত হলে তিনি নিশ্চিত মন্ত্রী হবেন এবং এলাকার উন্নয়নে বেশি পরিমাণে ভূমিকা রাখতে পারবেন। তাই তারা বিপুল ভোটে মিন্টুকে জয়যুক্ত করে সংসদে পাঠাতে চান। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী দাবি করে আবদুল আউয়াল মিন্টু বলেনÑএ অঞ্চলের মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপসহীন দেশনেত্রী খালেদা জিয়ার ভক্ত। যার প্রমাণ বিগত নির্বাচনগুলোতে মানুষ দেখিয়েছে। তিনি আরও বলেন-এ আসনের ভোটাররা দীর্ঘ সময় ধরে বিএনপিকে ধানের শীষে ভোট দেয়ার জন্য মুখিয়ে আছে। আগামী ১২ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার ধানের শীষের পক্ষে ব্যালট বিপ্লবের মাধ্যমে বিএনপিকে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন