কোরিয়া ম্যাচের আগে যা বললেন আশরাফুল

ফন্ট সাইজ:

এশিয়ান চ্যাম্পিয়ন ট্রফিতে নিজেদের চতুর্থ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে কোর্টে নামছে বাংলাদেশ জাতীয় হকি দল। অলিম্পিয়ান সুরজিৎ সিং হকি স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকাল ৩টায়। রাউন্ড রবিন লীগে টানা তিন ম্যাচে হার দেখা বাংলাদেশের লক্ষ্য কোরিয়াকে হারানো।

ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে জাপানের বিপক্ষে লড়াই করে। তবে চতুর্থ কোয়ার্টারে গোল হজম করে হার নিয়ে মাঠ ছাড়ে পিটার গেরহার্ডের শিষ্যরা। এরপর মালয়েশিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারেন জিমি-আমিরুলরা। টানা তিন হারে পয়েন্ট টেবিলের তলানীতে আশরাফুল ইসলামের দল। তবে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ঘুঁরে দাঁড়াতে চায় বাংলাদেশ। এ টুর্নামেন্টে তিন ম্যাচে ২০ গোল হজমের বিপরীতে ১ গোল করে লাল-সবুজ প্রতিনিধিরা। এক মাস আগে জাপানে হওয়া এশিয়ান গেমসে প্রথম তিন ম্যাচে ১৬ গোল হজমের বিপরীতে দুটি গোল করেন আমিরুলরা। পরিসংখ্যান অবনতির চিত্র দেখালেও আশরাফুল হক সাদ বলছেন উল্টো কথা। জাপানের বিপক্ষে ১-০ গোলে হারকে উন্নতি হিসেবে দেখছেন তিনি। সাদ বলেন, ‘দলের অবস্থা ভালো। দিনকে দিন উন্নতি করছি। প্রত্যেকে নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছে।’

বিশ্ব হকি র‌্যাঙ্কিংয়ে দক্ষিণ কোরিয়ার (২১) চেয়ে ছয় ধাপ পেছনে বাংলাদেশ (২৭)। তাদের বিপক্ষে নামার আগে গেরহার্ডের অধীনে গতকাল হালকা অনুশীলন করেন জিমি-সামিনরা। দু’দলের শেষ সাত দেখার সবকটিতে জিতেছে দক্ষিণ কোরিয়া। সবশেষ জাপানে এশিয়ান গেমসে পুল পর্বে বাংলাদেশকে ৫-০ গোলে হারায় দলটি। চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে জাপানকে হারানোর সুখস্মৃতি রয়েছে দক্ষিণ কোরিয়ার। তবুও তাদের বিপক্ষে জেতার লক্ষ্য বাংলাদেশের। এ নিয়ে আশরাফুল হক সাদ বলেন, ‘ম্যাচটি গুরুত্বপূর্ণ। এ টুর্নামেন্টে যে দলগুলোর বিপক্ষে জয়ের জন্য টার্গেট করেছি; তার মধ্যে কোরিয়া অন্যতম। আমরা নিজেদের সেরাটা দিয়ে দেশের জন্য সম্মান এনে দিতে চাই।’ এবারের টুর্নামেন্টে বাংলাদেশ ম্যাচ প্রতি ৬.৬টি হারে গোল হজম করেছে। রক্ষণভাগ সামলানোয় এবং পেনাল্টি কর্নারে দুর্বলতা দেখা গেছে। ম্যাচে রক্ষণভাগ অতিরিক্ত স্পেস দেয়ায় প্রতিপক্ষ বারবার আক্রমণের সুযোগ পেয়েছে। সেই ভুল-ত্রুটি সংশোধনের চেষ্টা করছে বাংলাদেশ। এ নিয়ে গোলকিপার বিপ্লব কুজুর বলেন, ‘আমরা কোচের প্ল্যান অনুযায়ী আগানোর চেষ্টা করছি। কিছু জায়গায় মিস্টেক হচ্ছে। পরবর্তী ম্যাচগুলো যেন ভালো খেলতে পারি, সেজন্য নিজেদের মধ্যে আলোচনা করছি।’