মাঠের জাদুতে লিওনেল মেসি কিংবা ক্রিস্টিয়ানো রোনালদো কোটি কোটি ভক্তকে মোহিত করে রেখেছেন—এ কথা অনস্বীকার্য। তবে জনপ্রিয়তা আর বাণিজ্যিক আকর্ষণ যে এক নয়, তার প্রমাণ মিললো ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ‘স্পোর্টসপ্রো’র ২০২৬ সালের সবচেয়ে বিপণনযোগ্য ৫০ ক্রীড়াবিদের তালিকায়। ফুটবলের মহাতারকাদের পেছনে ফেলে এই মর্যাদাপূর্ণ তালিকার ১৩তম স্থান দখল করে চমক সৃষ্টি করেছেন ভারতের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক শুবমান গিল।
স্পোর্টসপ্রো ও নর্থস্টার সলিউশনস গ্রুপের যৌথ উদ্যোগে তৈরি হয় এই তালিকা। এর ১৭তম বার্ষিক সংস্করণে গিলের ঠিক পরেই ১৪তম স্থানে রয়েছেন পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদো। ফরাসি তারকা এমবাপ্পে ১৯তম এবং আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি আছেন ২৭তম স্থানে। তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছেন বেলারুশিয়ান টেনিস তারকা আরিনা সাবালেঙ্কা। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে ফ্রিস্টাইল স্কিয়ার আইলিন গু এবং বাস্কেটবল তারকা ইয়ানিস আন্তেতোকুনম্পো। চতুর্থ স্থানে আছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং ব্রাউট হালান্দ।
ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য তালিকায় আরও কিছু চমক রয়েছে। শীর্ষ ৫০-এ ভারতের পাঁচজন ক্রীড়াবিদ জায়গা পেয়েছেন। তবে দলের সাবেক অধিনায়ক বিরাট কোহলি পিছিয়ে গেছেন ৮৫তম স্থানে। এ ছাড়া মহেন্দ্র সিং ধোনি ৮৩তম এবং রোহিত শর্মা রয়েছেন ৯০তম স্থানে। তবে সামগ্রিক বিচারে ভারতীয়দের মধ্যে সবচেয়ে এগিয়ে থেকে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন ২৮ বছর বয়সী গিল।
কীভাবে তৈরি হলো এই তালিকা? ১০০ নম্বরের বিশেষ স্কোরিং পদ্ধতিতে ব্র্যান্ড ইকুইটি (৪৫%), মোমেন্টাম বা জনপ্রিয়তা বৃদ্ধির গতি (৪০%) এবং কমার্শিয়াল ট্র্যাজেক্টরি বা ভবিষ্যৎ বাণিজ্যিক সম্ভাবনা (১৫%)—এই তিনটি মূল মাপকাঠি বিবেচনায় নেয়া হয়। ৭০টি খেলার ১ হাজার ২০২ জন ক্রীড়াবিদকে প্রাথমিক বিবেচনায় রেখে, সামাজিক যোগাযোগমাধ্যমের অনুসারী, অনলাইন অনুসন্ধান প্রবণতা, সংবাদমাধ্যমের উপস্থিতি এবং তিন হাজারের বেশি ব্র্যান্ড চুক্তির তথ্য বিশ্লেষণ করে এই চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়েছে।
