পঞ্চগড়ে বিএনপি’র সঙ্গে জামায়াত ও এনসিপি নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ১৩

ফন্ট সাইজ:

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বিএনপি সঙ্গে জামায়াত ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১০টার পর উপজেলার ধামোর ইউনিয়নের রমজানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। দু’পক্ষের ৯ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, ১১ দলীয় নির্বাচনী ঐক্যের নেতাকর্মীদের মিছিল থেকে বিএনপি’র প্রার্থী নওশাদ জমিরের ব্যানার ছিঁড়ে ফেলা হয়। এর প্রতিবাদ করায় বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের নেতাকর্মীদের মারধর করা হয়। এ ঘটনায় ধামোর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আশরাফুল ইসলামসহ চারজনকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া অপর একজন আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ইউনিয়ন বিএনপি’র সভাপতি আশরাফুল ইসলামের অবস্থার অবনতি হওয়ায় সোমবার রাতেই তাকে রংপুর মেডিক্যালে পাঠানো হয়েছে।
এনসিপি নেতাকর্মীদের দাবি, বিএনপি’র প্রার্থীর কোনো ব্যানার ছেঁড়া হয়নি। উপজেলা শহরে এনসিপি নেতা সারজিস আলমের নির্বাচনী জনসভা শেষে বাড়ি ফেরার পথে নেতাকর্মীদের বহনকারী একটি পিকআপ বিএনপি’র প্রার্থীর ব্যানারে লেগে সেটি দুলছিল। তাতেই ক্ষুব্ধ হয়ে বিএনপি’র নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ মিটার দূরে সড়কে গাছের গুঁড়ি ফেলে তাদের নেতাকর্মীদের আটক করেন। বাগবিতণ্ডার একপর্যায়ে বিএনপি’র লোকজন জামায়াত ও এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে তাদের একজন নারীসহ আটজন আহত হন। তাদের মধ্যে তিনজনকে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও একজনকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি’র কর্মী ফজলার রহমান বলেন, জামায়াত ও এনসিপির লোকজন পিকআপ থেকে আমাদের ধানের শীষের একটা ব্যানার ছিঁড়ে ফেলেন। এ সময় আমরা গাড়ি থামাতে বললেও তারা কিছু দূর সামনে চলে যান। পরে সামনে গিয়ে গাড়ি থামিয়ে কেন ব্যানার ছিঁড়লেন জানতে চাইলে তারা আমাদের ওপর হামলা করেন। পরে আমাদের ইউনিয়ন বিএনপি’র সভাপতি আশরাফুল ইসলাম সেখানে এলে তাকেও আহত করা হয়। আমাদের হাসপাতালে নেয়ার সময়ও জামায়াত ও এনসিপির নেতারা বাধা দিয়েছেন। পঞ্চগড়-১ আসনের প্রার্থী সারজিস আলম বলেন, আমাদের নেতাকর্মীরা সভা শেষে বাড়িতে ফিরছিল। এ সময় আমাদের পিকআপ লেগে বিএনপি’র প্রার্থীর ব্যানার সামান্য দুলছিল। ব্যানার দোলানোটাকে ইস্যু বানিয়ে হামলা করে আমাদের একজন নারীসহ মোট আটজনকে আহত করেছে। এ ঘটনায় আইনগত অভিযোগের প্রস্তুতি নেয়া হচ্ছে। আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান বলেন, খবর পেয়ে আমরা ইউএনওসহ পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ করেনি।
বিএনপি’র সংবাদ সম্মেলন
এদিকে গতকাল বিকালে স্থানীয় বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। এ সময় লিখিত বক্তব্যে সভাপতি এ.জেড.এম বজলুর রহমান জাহেদ ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল বলেন, সোমবার রাতের ঘটনাকে কেন্দ্র করে সারজিস আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের নেতা ও স্থানীয় বিএনপি’র নেতাকর্মীদের বিরুদ্ধে অশালীন, কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য প্রদান করেন। তার এ বক্তব্যকে ব্যক্তি আক্রমণ, রাজনৈতিক শালীনতা ও সুস্থ সংস্কৃতির ওপর সরাসরি আঘাত হিসেবে আখ্যা দেন। পক্ষান্তরে বিএনপি সবসময় ভদ্র, দায়িত্বশীল ও আদর্শভিত্তিক রাজনীতিতে বিশ্বাসী। মিথ্যা, ভিত্তিহীন বক্তব্যের জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একইসঙ্গে সারজিস আলমকে তার এহেন বক্তব্যের জন্য অবিলম্বে সংশ্লিষ্টদের কাছে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি জানানো হয়। অন্যথায় আটোয়ারী উপজেলা বিএনপি গণতান্ত্রিক ও আইনসম্মত কর্মসূচি দিতে হবে বলে উল্লেখ করেন।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন