দীর্ঘ ২২ দিনের মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা শেষে বঙ্গোপসাগরে মাছ ধরায় নামতেই বিরূপ আবহাওয়ার মুখে পড়েছেন বরগুনার পাথরঘাটার জেলেরা। নিষেধাজ্ঞা শেষে ইলিশের আশায় নৌকা ও ট্রলার নিয়ে সাগরে ছুটলেও আবহাওয়ার বিরূপ পরিস্থিতিতে নতুন করে উৎকণ্ঠা তৈরি হয়েছে তাদের মধ্যে।
শুক্রবার পাথরঘাটার আকাশ গভীর মেঘাচ্ছন্ন। স্থানীয়ভাবে দফায় দফায় বৃষ্টি ও দমকা বাতাস বইতে দেখা গেছে। আবহাওয়া অধিদপ্তরের স্থল ও সামুদ্রিক পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ বিরাজ করছে, যা আরও ঘনীভূত হতে পারে। বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। এতে সাগরে মাছ ধরতে যাওয়া জেলেদের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে। দীর্ঘ ২২ দিন সাগরে ইলিশ শিকার বন্ধ থাকায় অনেক জেলেকে ধারদেনা করে পরিবার চালাতে হয়েছে। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর সাগরে প্রচুর ইলিশ পাওয়ার আশায় নৌকা, ট্রলার ও জাল নিয়ে যাত্রা শুরু করেন তারা। প্রায় মাসখানেক মাছ ধরা বন্ধ থাকায় এবার বেশি ইলিশ পাওয়া যাবে এমন প্রত্যাশা ছিল জেলেদের। তবে সাগরে যাওয়ার শুরুতেই বৈরী আবহাওয়ার কারণে সেই প্রত্যাশায় অনিশ্চয়তা দেখা দিয়েছে।
বরগুনা জেলা ফিশিং ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল মাস্টার বলেন, গত ইলিশ মৌসুমে বৈরী আবহাওয়ার কারণে জেলেদের মাছ শিকারে চরম বেগ পেতে হয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে অনেক সময় তারা সাগরে যেতে পারেননি। ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে মৌসুমের শুরুতেই আবারো বৈরী আবহাওয়ার মুখে পড়তে হয়েছে তাদের। আবহাওয়া অনুকূলে না থাকলে কাঙ্ক্ষিত মাছ পাওয়া কঠিন হবে। পাশাপাশি সাগরে জেলেদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়বে।
এদিকে বৈরী আবহাওয়ার খবরে উদ্বেগ বাড়ছে উপকূলের জেলে পরিবারগুলোতেও। দীর্ঘ ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিরা মাছ ধরতে সাগরে গেলেও আবহাওয়ার অবনতির আশঙ্কায় দুশ্চিন্তায় রয়েছেন স্বজনেরা।
পাথরঘাটায় জেলেরা সাগরে নামতেই প্রতিকূল আবহাওয়ার সম্মুখীন
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
৩১ অক্টোবর (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
